ষড়যন্ত্র উপড়ে ফেলে আজ পদ্মা সেতু হয়েছে : তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০১:৫৮ এএম

সব ষড়যন্ত্র উপড়ে ফেলে আজ পদ্মা সেতু হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পদ্মা সেতু একটি স্বপ্নের সেতু ছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ পদ্মা সেতুর এপার থেকে ওপারে গাড়ি চালিয়ে গেছেন, আবার গাড়িতে এপারে এসে গণভবনে ফিরে গেছেন। সেখানে তিনি হেঁটেছেন। এর অর্থ পদ্মা সেতু হয়ে গেছে।’

গতকাল সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনির্বাচিত কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বেগম খালেদা জিয়াই বলেছেন, আওয়ামী লীগ কখনো পদ্মা সেতু করতে পারবে না। বিএনপির নেতারাও তাতে সুর মিলিয়েছেন। বেগম জিয়া আরও বলেছিলেন যে, পদ্মা সেতু যদি করেও তাহলে এটা জোড়াতালি দিয়ে একটা সেতু হবে। তবে বাস্তবিক পৃথিবীর সব সেতু জোড়া দিয়েই হয়। প্রধানমন্ত্রী যেহেতু পদ্মা সেতুর এপার থেকে ওপারে এবং ওপার থেকে এপারে এসেছেন, এখন বিএনপি নেতারা কী বলবেন এবং কখন এই পদ্মা সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাবেন সেই অপেক্ষায় আছি, কারণ তারা এই সেতু নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংকের যারা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে পরে আবার অর্থায়নের প্রস্তাব দিয়েছিল যা প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন, আশা করছি তারাও দেখবে একটি দেশ তাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কীভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে এমন বিশাল সেতু নির্মাণ করতে পারে। যারা পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল তারা নিশ্চয়ই এখন এই পদ্মা সেতু দেখে লজ্জিত হবে।’

এর আগে মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘প্রেস কাউন্সিল আমাদের দেশে মুক্তমত চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এবং আমরা এটিকে আরও শক্তিশালী করার উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল গঠন করেছেন। মুক্তমত চর্চা এবং বহুমাত্রিক সমাজ গঠন ও একটি গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করার লক্ষ্যেই তিনি প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি বহুমাত্রিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। আমাদের দেশে যেভাবে মতপ্রকাশের স্বাধীনতা আছে, সেটি অনেক উন্নয়নশীল দেশে নেই।’

বৈঠকে আরও অংশ নেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক, সচিব মো. শাহ আলম এবং সদস্যদের মধ্যে মো. শফিউল ইসলাম এমপি, ইকবাল সোবহান চৌধুরী, সাইফুল আলম, মনজুরুল আহসান বুলবুল, মুজাফফর হোসেন পল্টু, সেবীকা রানী, ড. ফেরদৌস জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত