যে কারণে সব সময় ব্রেসলেট পরেন সালমান খান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:১১ পিএম

পর্দায় অথবা পর্দার বাইরে সুপারস্টার সালমানের ডান হাতে সব সময়ই দেখা যায় একটি ব্রেসলেট। ফিল্মের চরিত্রের কারণে কখনোসখনো ব্রেসলেটটি খুলতে বাধ্য হন; না হলে দিনরাত নাকি তিনি সেটি পরেই থাকেন।

ওই ব্রেসলেটি কেন তার সব সময়ের সঙ্গী? খোলসা করেছেন খোদ সল্লু মিয়া।

১৯৮৮ সালে জে কে বিহারির ফিল্ম ‘বিবি হো তো অ্যাইসি’-তে সহ-অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক হয়েছিল সালমানের। তারপর বলিউডে ৩০ বছরেরও বেশি পার করে ফেলেছেন চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে।

এই কয়েক দশকে সালমান খান যে স্বয়ং একটি ‘ব্র্যান্ড’-এ পরিণত হয়েছেন।

তিনি কোন পার্টিতে কী পোশাকে এলেন বা হেয়ারস্টাইল বদলালেন কি না, তা নিয়ে বিনোদন পাতা জমজমাট থাকে। তবে সল্লু মিয়ার ডান হাতের ব্রেসলেট নিয়ে দীর্ঘদিন বিশেষ কিছু জানা যায়নি।

কেন ব্রেসলেট পরেন সালমান? বহু ভক্তের কাছে তা অজানা থাকলেও ‘গুরু’র দেখাদেখি তারাও ব্রেসলেট পরতে শুরু করে দিয়েছেন। তা সে তাদের ব্যক্তিত্বের সঙ্গে যতই বেমানান হোক না কেন!

আপনি কেন ব্রেসলেট পরেন? বেয়াড়া প্রশ্নটা করেছিলেন এক সাংবাদিক। সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছোটবেলার কথা শুনিয়েছেন সালমান।

একটি আন্তর্জাতিক ইভেন্টের সময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে সালমান জানিয়েছেন, বাবার কাছে থেকে ব্রেসলেটটি উপহার হিসেবে পেয়েছিলেন তিনি। অভিনেতার কথায়, ‘ছোটবেলা থেকেই দেখেছি, সবসময় এ রকমই একটা ব্রেসলেট পরে থাকতেন বাবা। সে সময় ভাবতাম, ব্রেসলেট পরে বাবাকে কী ‘কুল’ই না লাগছে! বাচ্চারা যেমন সবকিছু নিয়ে খেলাধুলা করে, আমিও বাবার ব্রেসলেটটা নিয়ে খেলতাম।’

বাবার ব্রেসলেটটি পছন্দ হলেও ছোটবেলায় সেটি সালমানের হাতে আসেনি। তার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। সালমান বলেছেন, ‘ছোটবেলায় ব্রেসলেট পরতাম না। তবে বলিউডে কাজ শুরুর করার পর বাবা আমাকে একেবারে নিজের ব্রেসলেটের মতো দেখতে একটি ব্রেসলেট উপহার দেন। সেই থেকে এটা আমার সঙ্গেই রয়েছে।’

নিজের ডান হাতের ব্রেসলেটটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন সালমান। বিদেশি সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, ‘আমার ব্রেসলেটের মধ্যে এই যে পাথরটা দেখছেন, একে ফিরোজা বলে। এ রকম ধরনের পাথর দু’টিই রয়েছে। একটা হল আকিক আর একটা ফিরোজা। এই ফিরোজাটি হল নীলকান্তমণি।

ব্রেসলেটের পাথরটি নিয়ে একটি বদ্ধমূল ধারণাও রয়েছেন সালামনের। তার দাবি, ‘সমস্ত নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা।’ পাশাপাশি আরও একটি দাবি করেছেন তিনি। বলিউডের সুপারস্টারের কথায়, ‘প্রতিবার অশুভ কিছুর মুখোমুখি হলে তা বুঝতে পারে ফিরোজা।’

সালমান জানিয়েছেন, বেশ কয়েক বার তার ব্রেসলেটের পাথরে চিড় ধরে যায়। তা যে অশুভ ঘটনার ইঙ্গিত, তা-ও মনে করেন সালমান। সেই সঙ্গে তার দাবি, ‘নেতিবাচক কোনও কিছু আমার দিকে ধেয়ে এলে এই পাথর তা আটকে দেয়। পাথরের শিরায় সেই অশুভ শক্তিকে শুষে নেয় ফিরোজা। সে কারণেই তাতে চিড় ধরে যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত