ওয়াও ফেস্টিভ্যালে নওশাবার টুগেদার উই ক্যান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৭:১৯ পিএম

টুগেদার উই ক্যান শুরু থেকেই শিল্পীর সামাজিক দায়বদ্ধতাকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। তাই বিভিন্ন সামাজিক বিষয়ে নিজেদের বক্তব্য প্রকাশের মাধ্যম হিসাবে শিল্পকর্ম তথা সৃষ্টিশীলতাকে বেছে নিয়েছে। তাই টুগেদার উই ক্যানের প্রতিটি শৈল্পিক প্রযোজনা প্রতিবন্ধীদের অধিকার, পুনর্বাসন প্রক্রিয়া, নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদার মতো সংবেদনশীল বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

টুগেদার উই ক্যানের প্রথম প্রযোজনা পাপেট থিয়েটার ‘মুক্তি আলোয় আলোয়’। যা একটি প্রতিবন্ধী নারীর জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই থিয়েটারে সি.আর.পি সাভারের বিশেষ প্রতিভাবান কিছু প্রতিবন্ধী শিল্পী পাপেটিয়ার হিসাবে অংশগ্রহণ করেন। এই শিল্পীদের টুগেদার উই ক্যান পাপেটিং এর বিশেষ  প্রশিক্ষণ প্রদান করে। প্রসঙ্গগত ‘মুক্তি আলোয় আলোয়’ এর প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয় ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘ওমেন অব দা ওয়ার্ল্ড (WOW)’ ফেস্টিভ্যালে। যা দর্শক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রতিবন্ধী পাপেটিয়ারদের অংশগ্রহণে ইহাই বাংলাদেশের একমাত্র পাপেট থিয়েটার। পরবর্তীতে ঢাকার বিভিন্ন মঞ্চে থিয়েটারটির একাধিক সফল মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

এ ছাড়া টুগেদার উই ক্যান-এর অন্যান্য উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে নারীদের জন্য আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মশালা, মূক ও বধিরদের জন্য ইশারা ভাষায় নির্মিত মিউজিক্যাল ফিল্ম ইত্যাদি।

টুগেদার উই ক্যান তাদের শিল্প যাত্রায় এবার আবারও যুক্ত হয়েছে ব্রিটিশ কাউন্সিলের ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড (WOW)’ ফেস্টিভ্যাল এর সাথে। ৮ জানুয়ারি থেকে এবারের ওয়াও ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার বাইরে পাঁচটি বিভাগীয় শহরে। যেখানে টুগেদার উই ক্যান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে নারীদের পাশাপাশি প্রতিবন্ধী নারীদের জন্য আত্মরক্ষা কৌশল রপ্ত করার প্রশিক্ষণ কর্মশালা। সেই সাথে এই ফেস্টিভ্যালে টুগেদার উই ক্যান এর উদ্যোগে ঢাকার বাইরে  প্রথমবারের মতো দেশবরেণ্য মঞ্চ নির্দেশক সৈয়দ জামিল আহমেদের স্পর্ধার প্রযোজনায় থাকছে নতুন ইন্টারঅ্যাকটিভ থিয়েটার, ‘বিস্ময়কর সবকিছু’। নওশাবার মিউজিক্যাল পাপেটে অংশ নেবে ড্যান্স গ্রুপ আলিফিয়া স্কোয়াড, মেয়েদের আত্মরক্ষা শেখাবে ট্যাকটিক্যাল কার্ভমাগা।

এ ছাড়া এবারের ওয়াও ফেস্টিভ্যালেই টুগেদার উই ক্যান মঞ্চস্থ করতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত ও আলোকিত নারীদের জীবন ও জীবন কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত মিউজিক্যাল পাপেট কনটেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত