খুলনায় মৎস্যমন্ত্রী

গবেষণা জাহাজ তৈরি দেশের সক্ষমতারই প্রমাণ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১:১২ পিএম

বাংলাদেশ বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেল বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘গবেষণা জাহাজ তৈরি করা স্বাধীন বাংলাদেশের সক্ষমতারই প্রমাণ।’

গতকাল মঙ্গলবার খুলনা শিপইয়ার্ড লিমিটেডের তৈরি ইলিশ গবেষণা জাহাজ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কাছে হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন মৎস্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বিশ্বের মাত্র ১১টি দেশ ইলিশ উৎপাদন করে, যার মধ্যে বাংলাদেশ শীর্ষে। মোট উৎপাদনের ৮০ শতাংশ ইলিশই আমরা উৎপাদন করি। ইতিমধ্যে ইলিশ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশের জীবনচক্রে নানা পরিবর্তন এসেছে। এসব বিষয়ে গবেষণার জন্য এতদিন কোনো জাহাজ ছিল না। এ জাহাজ ইলিশ তথা মৎস্য গবেষণার নতুন দ্বার উন্মোচন করবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

এ সময় খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খন্দকার আক্তার হোসেন, খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘এমভি বিএফআরআই গবেষণা তরী’ নামের এ জাহাজের দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ ৬ মিটার, গভীরতা ২ দশমিক ৮০ মিটার, ড্রাফট ১ দশমিক ৪০ মিটার, ডিসপ্লেসমেন্ট ৯০ মেট্রিক টন, সর্বোচ্চ গতি ১০ নটিক্যাল মাইল, হাল ম্যাটেরিয়াল-স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি। জাহাজের বিশেষত্ব হচ্ছে এর অভ্যন্তরে একটি অত্যাধুনিক ইলিশ গবেষণা ল্যাবরেটরি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত