যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গ্রিনফিল্ড সিটির বাসিন্দা ফাতিমা মাদ্রিগাল ও রবার্ট ট্রুজিলো। গত ৩১ ডিসেম্বর মাঝরাতে যমজ সন্তানের মা-বাবা হয়েছেন তারা। তবে ছেলে আলফ্রেডো ও মেয়ে আইলিনের ভূমিষ্ঠ হওয়ায় সময়ের ব্যবধানের কারণে বিরল এক ঘটনা ঘটেছে। ১৫ মিনিটের ব্যবধানের কারণে যমজ দুই ভাইবোনের জন্মের বছর হয়ে গেছে আলাদা!
যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক পিপল ম্যাগাজিনের বরাতে ভারতের এনডিটিভি এ খবর জানিয়েছে। এনডিটিভি বলছে, বিরল এই ঘটনা ঘটেছে খ্রিস্টীয় নতুন বছর শুরুর মুহূর্তেই। ২০২১ সালের শেষ দিন অর্থাৎ গত ৩১ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে যমজ দুই ভাইবোনের মধ্যে আলফ্রেডোর জন্ম। এর ১৫ মিনিট পর ২০২২ সালের শুরুর মুহূর্তে অর্থাৎ ১২টায় পৃথিবীর মুখ দেখে আইলিন। আর এতেই তাদের জন্মের বছর বদলে যায়।
নাটিভিডাড মেডিকেল সেন্টার কর্র্তৃপক্ষ ফেইসবুকে দুই নবজাতকের ছবি পোস্ট করে তাদের আলাদা বছরে জন্ম হওয়ার কথা জানায়।
হাসপাতাল কর্র্তৃপক্ষের বরাত দিয়ে পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নবজাতক এখন সুস্থ ও ভালো আছে। জন্মের সময় আইলিনের ওজন ছিল ২ দশমিক ৬৬ কেজি। আর আলফ্রেডোর ওজন ছিল ২ দশমিক ৭৫ কেজি।
দুই সন্তানের পৃথক জন্মসাল হওয়ায় তাদের মা-বাবা খুশি। ফাতিমা মাদ্রিগাল বলেন, ‘আমার দুই সন্তান যমজ হওয়ার পরও তাদের জন্মদিন আলাদা হওয়ার ব্যাপারটি আমার কাছে অত্যন্ত আনন্দের। আইলিন মধ্যরাতে জন্ম নেওয়ায় আমি একই সঙ্গে বিস্মিত ও খুশি।’
