তৈমূরের অব্যাহতিকে দলীয় কৌশল বললেন আইভী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০১:১৮ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি বিএনপির নির্বাচনী কৌশল বলে দাবি করেছেন আরেক মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ বিষয়ে তার কোনো মাথাব্যথা নেই বলেও জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এই প্রার্থী। তবে তৈমূর আলমের দাবি, তিনি কোনো দলের না, তিনি এখন জনগণের প্রার্থী। গতকাল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এই দুই মেয়র প্রার্থী। গতকাল সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী গণসংযোগে যান সেলিনা হায়াৎ আইভী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তৈমূর আলমকে অব্যাহতি দলের কৌশল হতে পারে। এটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই বললেই চলে। এটা ওনাদের দলীয় কৌশল। আমি তার সঙ্গে নির্বাচনের লড়াই করছি, তিনি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী। আমি সেভাবেই শেষ পর্যন্ত লড়ে যাব।’

আইভী আরও বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে কখনো বিভাজন ছিল না। তৃণমূল সব সময় একত্র ছিল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগে কোনো বিভাজন নেই, আগেও ছিল না। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী। আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু দিনের শেষে সকলে শেখ হাসিনার কর্মী।’

একই দিন সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নির্বাচনী গণসংযোগে যান তৈমূর আলম খন্দকার। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০১১ সালের নির্বাচনে আমি বসিনি, বিএনপি বসেছে। এবার বিএনপি আমাকে বলতে পারবে না তুমি বসে যাও। কারণ আমার যে পদ ছিল তা নিয়ে গেছে তারা। এখন আর দল বলতে পারবে না। এখন আমি সম্পূর্ণ নাগরিকদের কন্ট্রোলে। আমি এখন কোনো দলের না, জনগণের প্রার্থী।’

তিনি আরও বলেন, ‘সকলে আমাকে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে, কারণ এখন আমি দলীয় কোনো প্রার্থী না। যারা ধানের শীষে ভোট দিত, তারা কেন নৌকায় ভোট দেবে? তারা আমাকেই ভোট দেবে। নাগরিকদের চাহিদার কারণেই তো আমার এই প্রার্থিতা। নাগরিকরা আমার জন্যা নেমেছে, বিএনপি নেমেছে, সব দল আমার জন্য নামছে। আমার আশপাশে যাদের দেখছেন, তারা সবাই বিএনপির নেতাকর্মী।’

সরকারি দলের কিছু নেতার বক্তব্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে দাবি করে তৈমূর বলেন, ‘একজন নেতা বলে গিয়েছে তৈমূরকে মাঠে নামতে দেওয়া হবে না। এসব কথা আমি গায়ে মাখি না। তবে এ ধরনের কথাবার্তা উসকানিমূলক। এ ধরনের কথাবার্তার মাধ্যমে বিশৃঙ্খলার বীজ বপন করা হয়। নির্বাচন কমিশন আমার শোডাউনকে বাধাগ্রস্ত করেছে। আমরা নির্বাচন কমিশনকে মেনে নিয়েছি। কিন্তু আওয়ামী লীগের শোডাউনকে নির্বাচন কমিশন বাধাগ্রস্ত করতে পারেনি এবং কোনো ব্যবস্থাও নেয়নি।’

আইভীর গণসংযোগের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, স্থানীয় কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক প্রমুখ।

অন্যদিকে তৈমূর আলম খন্দকারের গণসংযোগের সময় তার সঙ্গে নানা শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠু করতে কঠোর থাকার ঘোষণা এসপির : নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ প্রশাসন কঠোর থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি বলেছেন, ‘কোনো ছাড় দেওয়া হবে না। কোনো সুযোগ নেই নির্বাচন নিয়ে কোনো সহিংসতা করার। কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তার নাম, সাইনবোর্ড কোনো কিছু দেখব না।’ গতকাল মঙ্গলবার বিকেলে নাসিক নির্বাচন নিয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হুঁশিয়ারি দিয়ে এসপি আরও বলেন, ‘কেউ যদি ভুলেও চিন্তা করে থাকেন যে নির্বাচনকে ঘিরে কোনো দুর্বৃত্তায়ন করবেন, তাহলে তিনি ভুলের মধ্যে আছেন। আমরা নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে শতভাগ মাঠে কাজ করছি। যেকোনো অভিযোগ পেলে ত্বরিত ব্যবস্থা নেব।’

আইভীর প্রচারণায় ছাত্রলীগ নেতারা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করছে মহানগর ছাত্রলীগ। এরই অংশ হিসেবে গতকাল নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচনী প্রচারণায় গঠিত সমন্বয় কমিটির সহকারী সমন্বয়ক হাবিবুর রহমান রিয়াদকে ক্রাচে ভর দিয়ে তার কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণায় অংশ নিতে দেখা যায়। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গতকাল সকাল ৮টা থেকে নগরীর ২ নম্বর রেলগেট এলাকা থেকে শুরু করে ফলপট্টি, ১ নম্বর রেলগেট, বন্দরঘাটসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

প্রচারণায় অংশ নেওয়া মহানগর ছাত্রলীগের  সাধারণ সম্পাদক ও নির্বাচনী সহকারী সমন্বয়ক হাসনাত রহমান বিন্দু দেশ রূপান্তরকে বলেন, ‘আইভীর পক্ষে প্রচারণায় অংশ নিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য মূল সমন্বয়কের কাজ করছেন। তাদের নির্দেশেই আমরা মাঠে নেমেছি এবং থাকব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত