এখন থেকে এক জেলার মানুষ অন্য জেলায় করোনা টিকার বুস্টার বা তৃতীয় ডোজ নিতে পারবে। তবে জেলার ভেতর কেন্দ্র পরিবর্তন করে বুস্টার ডোজ নেওয়া যাবে না। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পরিচালক ও কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বিভিন্ন কারণে টিকা গ্রহীতাদের অনেকের পক্ষেই কডিড-১৯ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রাপ্তির স্থান থেকে বুস্টার ডোজ নেওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় ভিন্ন জেলায় অবস্থানকালে জেলা পরিবর্তন করে ওই জেলার যেকোনো ভ্যাকসিনেশন কেন্দ্র থেকে বুস্টার ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে। তবে একই জেলার মধ্যে কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনাটি প্রযোজ্য নয়।
নির্দেশনায় আরও বলা হয়, বুস্টার ডোজের ভ্যাকসিনেশন কার্ড প্রদর্শন করে বুস্টার ডোজ নিতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে। ইতিমধ্যে প্রদত্ত ভ্যাকসিনের যেসব তথ্যাদি সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করা হয়নি তা অনতিবিলম্বে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।
