ভারতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ভারতে একের পর এক তারকার করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। রাজ-শুভশ্রী, পরমব্রতের পর এবার আক্রান্ত হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এক টুইটে তিনি নিজেই তার আক্রান্তের খবর জানিয়েছেন।
তিনি এখন হোম কোয়ারিনটেইনে আছেন জানিয়ে সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
রুদ্রনীল আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘আগে কোভিড হয়নি। এই প্রথম। হালকা জ্বর। গা-হাত পা ব্যথা। সকলের হচ্ছে এবার। রাজ-শুভশ্রী, পরম তার পরে আমি। মনে হয় না পাঁচ দিনের বেশি থাকবে।’
টলিউডে একের পর এক তারকা করোনা আক্রান্ত হচ্ছেন। এর আগে শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, শতরূপা সান্যাল, চিত্রাঙ্গদা চক্রবর্তীর মতো তারকাদের করোনা আক্রান্তের খবর জানা গেছে। দেব জানিয়েছেন, করোনা পরীক্ষা করেছেন তিনিও। জ্বরে আক্রান্ত আছেন শ্রীলেখা মিত্রও।
