মাউন্ট মঙ্গানুইয়ে বুধবার সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ৮ উইকেটের এই অসাধারণ জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা।
বিশ্বের কিংবদন্তি সব ক্রিকেট ব্যক্তিত্ব এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন টাইগারদের। এমনকি সিডনিতে বুধবার থেকে শুরু অ্যাশেজের চতুর্থ টেস্টেও ছিল বাংলাদেশের জয়ের কথা।
সিডনিতে এদিন ছিল বৃষ্টির দাপট। বৃষ্টিতে খেলা বন্ধ থাকার একপর্যায়ে সিডনি ক্রিকেট মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে মাউন্ট মঙ্গানুই টেস্টে টাইগারদের নিউজিল্যান্ড বধের খবর। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের স্কোরকার্ড দেখানো হয় তাতে।
এমনটি বোধ হয় প্রাপ্যই ছিল বাংলাদেশের। নিউজিল্যান্ড নিজেদের মাটিতে ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারল বাংলাদেশের কাছে। সব ফরম্যাট মিলেই নিউজিল্যান্ডের মাটিতে এটি টাইগারদের প্রথম জয়।
