ইসি গঠনে সংলাপের আমন্ত্রণ পেল বিএনপি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০২:২৯ এএম

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর গতকাল বুধবার সংলাপ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছে বিএনপি। গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। চিঠি গ্রহণ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির দপ্তর সূত্র জানায়, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ওইদিন বিকেল ৪টায় বঙ্গভবনে বিএনপির প্রতিনিধিদলকে এ আমন্ত্রণ জানানো হয়। তবে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে এ সংলাপকে ‘অর্থহীন’ দাবি করে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২০ ডিসেম্বর প্রথম দিনে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপ হয়। ইতিমধ্যেই ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছেন তিনি।

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ হয়েছিল। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে ইসি গঠন করেছেন। বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন ইসি গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত