করোনা আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক ফুটবলার আন্তনিও কাসানোকে। তার পরিবার নিশ্চিত করেছে, ৩৯ বছর বয়সী এই ইতালিয়ান ভ্যাকসিন নেননি।
স্থানীয় গণমাধ্যম জানায়, কভিড উপসর্গ নিয়ে বুধবার জেনোয়ার সান মার্তিনো হাসপাতালে শারীরিক পরীক্ষা করেন কাসানো। সেখানেই কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তার।
কাসানো পেশাদারি ক্যারিয়ারে খেলেছেন রোমা, সাম্পদোরিয়া, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ইন্টার মিলানে। ২০১৭ সালে ভেরোনায় থাকতে ক্যারিয়ারের ইতি টানেন তিনি। ইতালির হয়ে ৩৯ ম্যাচে মাঠে নেমে ১০ গোল করেছেন কাসানো।
২০২১ সালের শেষ দিনগুলো এবং নতুন বছরের শুরুর দিনগুলোও আইসোলেশনে কাটছে কাসানোর। বুধবার হঠাৎ করে কয়েক ঘণ্টার মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
