তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পরও শপথ নিতে পারছেন না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। হাইকোর্টে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাজানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের শপথ গ্রহণে আইনি জটিলতা দেখা দিয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল।
তিনি আরও জানান, গত ৪ জানুয়ারি কুলাউড়ার ১৩টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল মৌলভীবাজার জেলা প্রশাসকের সভাকক্ষে। একই দিন বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাজান ভোট পুনঃগণনা ও ফের নির্বাচন চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করায় তা স্থগিত হয়ে যায়।
