বন্ড মার্কেটের প্রসারে কাজ করবে সিএসই

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০১:১৭ এএম

বন্ড মার্কেটের প্রসারে কাজ করবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। তিনটি বন্ডের লেনদেন শুরু উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়নে বন্ডের গুরুত্ব তুলে ধরেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড, শাহজালাল ইসলামী ব্যাংকের এসজেআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড এবং ইসলামী ব্যাংকের আইবিবিএল সেকেন্ড পারপিচুয়াল মুদারাবা বন্ড লেনদেন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক বলেন, বাংলাদেশের জিডিপিতে বন্ডের অবদান খুবই নগণ্য। কোম্পানিগুলোর মূলধন সংগ্রহ ব্যাংক ঋণনির্ভর হওয়ায় এই বাজারে গভীরতা বাড়েনি। বন্ডগুলোর ক্রমান্বয়ে ট্রেডিং শুরু হলে এর মার্কেটের আকার বাড়বে। একই সঙ্গে পুঁজিবাজারের পণ্যের বৈচিত্র্য আসবে। সিএসইর পরিচালক সোহাইল মোহাম্মদ শাকুর বলেন, ‘আমাদের দেশের পরিপ্রেক্ষিতে অর্থনীতির বিকাশ, বেসরকারি খাতের উন্নয়ন, পুঁজিবাজারের অর্থাভাব দূর এবং ব্যাংক খাতের নির্ভরশীলতা কমাতে শক্তিশালী বন্ড মার্কেটের বিকল্প নেই। সরকার এবং এসইসি একটি শক্তিশালী বন্ড মার্কেটের উন্নয়নে আগ্রহী। আমরা এখন উন্নত দেশের আদলে ইল্ডভিত্তিক বন্ড মার্কেট উন্নয়নের জন্য কাজ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত