এ বছর আশা জাগাবে যেসব সিনেমা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০১:৩১ এএম

২০২২ সাল নিয়ে বেশ আশাবাদী সিনেমাপাড়া। করোনা যদি আগের দুই বছরের মতো আঘাত না হানে তাহলে ২০২২ সাল হতে পারে ঘুরে দাঁড়ানোর বছর এমনটাই ভাবছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকরা।

বেশ কিছু সিনেমার কাজ চলছে। কাজ শেষ হলেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এমন সিনেমার তালিকায় রয়েছে শাকিব খান অভিনীত ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন পূজা চেরি। সরকারি অনুদান পাওয়া ছবিটি পহেলা বৈশাখে মুক্তি পাবে। এ বিষয়ে এস এ হক অলিক বলেন, ‘এই সিনেমার সব কাজ প্রায় শেষের দিকে। আমেরিকা থেকেও কিছু কাজ করে এনেছি। বেশ সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। ইচ্ছে আছে এ বছরই সিনেমাটি মুক্তি দেব।’ এর বাইরে শাকিব খান অভিনীত আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’। এতে শাকিবের নায়িকা বুবলী। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’। রায়হান রাফি পরিচালিত ‘নূর’ সিনেমা মুক্তি পাবে এ বছর। সিনেমাটির কাজ চলমান। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। পরিচালক দীপঙ্কর দীপন নির্মাণ করছেন সাইবার ক্রাইম নিয়ে চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে এই ছবিটির শ্যুটিং প্রায় শেষ। পরিচালক জানিয়েছেন এ বছরই ছবিটির কাজ শেষ করে মুক্তি দেবেন। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ প্রমুখ। সিয়াম অভিনীত বিগ বাজেটের ছবি ‘শান’ মুক্তি পাওয়ার কথা ছিল আজ শুক্রবার। কিন্তু ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই মুক্তি পাবে এটিও। শানের পরিবেশনা সংস্থা জাজের সিইও আলিমুল্লাহ খোকন দেশ রূপান্তরকে বলেন, ‘শান আজ শুক্রবার মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। নতুন তারিখ শিগগিরই জানাব। এর বাইরেও আমাদের আরও বেশ কিছু সিনেমা এ বছর মুক্তি পাবে। এর মধ্যে নাদের চৌধুরীর জিন রয়েছে।’ এদিকে রায়হান রাফি নির্মাণ করছেন নতুন ছবি ‘টান’। কয়েক দিন আগে শ্যুটিংও শুরু হয়েছে। পালিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকার গল্প নিয়ে রায়হান রাফির ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। এটি এ বছরই মুক্তি পাবে।

এদিকে শ্যুটিং সমাপ্ত হয়েছে, এখন মুক্তির প্রহর গুনছে এমন ছবির তালিকাও বেশ দীর্ঘ। এর মধ্যে এ বছরই মুক্তি পাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। বাংলাদেশ-ভারত প্রযোজিত ছবিটির পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ। আছেন তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ, দীঘিসহ শতাধিক শিল্পী। গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়ামসহ একঝাঁক তারকা। পরীমণি অভিনীত ‘মুখোশ’ ও প্রীতিলতা’ মুক্তি পেতে পারে এ বছরই। এর মধ্যে মুখোশ পরিচালক সিনেমাটি এ বছরই মুক্তি দেবেন বলে নিশ্চিত করেছেন। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়েই মুক্তির প্রক্রিয়া আগাবেন বলে জানিয়েছেন। মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’র কাজ শেষ। এখন মুক্তির প্রহর গুনছে। প্রধান চরিত্রে চঞ্চল, শরিফুল রাজ ও নাজিফা তুষি।

এর বাইরে রয়েছে রায়হান রাফির ‘পরান’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, মিম ও ইয়াশ রোহান। রাফি বলেন, ‘সব ঠিক থাকলে এ বছর আমার বেশ কিছু সিনেমা মুক্তি পেতে পারে। এর মধ্যে পরান ও নূর তো আছেই। আরও কিছু প্রজেক্ট যুক্ত হবে।’

অনন্য মামুন বলেন, ‘অমানুষ ছাড়াও আমার সাইকো সিনেমাও এ বছর মুক্তি পাবে।’ এদিকে সৈকত নাসিরের ‘তালাশ’ মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। এতে অভিষেক ঘটবে নতুন নায়ক আদর আজাদের। নাসির জানান, এ বছর তার পরিচালিত তালাশ ছাড়াও ক্যাসিনোও মুক্তি পাবে। যুক্ত হবে আরও নতুন কয়েকটি সিনেমা। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মানিক জানান, এ বছরই একে একে সব ছবি মুক্তি দেবেন। এই ছবিগুলো হলো মাহি সাইমন অভিনীত ‘আনন্দ অশ্রু’, আদর আজাদ-সালওয়া অভিনীত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, মাহি-রোশানের ‘আশীর্বাদ’ ও আদর-মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’। এর বাইরে রয়েছে অমিতাভ রেজা চৌধুরীর রিকশা গার্ল, সানী সানোয়ার ও সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম-২’, দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ রাফির ‘দামাল’, দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত