ফিরছেন আনুশকা শর্মা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০১:৩১ এএম

ক্রিকেটার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিন বছর পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিনেত্রীর হাতে এই মুহূর্তে রয়েছে তিনটি বিগ প্রজেক্ট! যার মধ্যে দুটি ছবি তৈরি হতে চলেছে বড়পর্দার জন্য এবং একটি ওটিটির জন্য। ৬ জানুয়ারি সকালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়া টিজার প্রকাশ্যে আনার মধ্য দিয়ে ঘোষণা দিল আনুশকার আসন্ন সিনেমা ‘চাকদহ এক্সপ্রেস’-এর।

ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিকে নির্মিত হতে যাচ্ছে ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিটি। যেখানে আনুশকা শর্মাকে ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

প্রসিত রায় পরিচালিত আসন্ন ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিটির টিজারে দেখা গেছে, সারিবদ্ধভাবে মাঠে নামছে ভারতীয় নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ম্যাচ। আর এই দলটির নেতৃত্ব দিচ্ছেন আনুশকা শর্মা। ভারতীয় জার্সি পরে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল এ অভিনেত্রীকে।

টিজারটি শেয়ার করে আনুশকা লেখেন, এটি সত্যিই একটি বিশেষ সিনেমা। কারণ এটি মূলত অসাধারণ ত্যাগের গল্প। ‘চাকদহ এক্সপ্রেস’ সাবেক ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন দ্বারা অনুপ্রাণিত। এটি নারী ক্রিকেটের বিশ্বে চোখ খুলে দেবে। এমন সময়ে ঝুলন একজন ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিশ্ব মঞ্চে দেশকে গর্বিত করেছিলেন, নারীদের জন্য তখন ক্রিকেট খেলার কথা ভাবাও খুব কঠিন ছিল। এই সিনেমাটি বেশ কয়েকটি উদাহরণের একটি নাটকীয় পুনরুত্থান।

আনুশকা আরও লেখেন, ভারতে নারী ক্রিকেটের বিপ্লব ঘটানোর জন্য ঝুলন এবং তার সতীর্থদের স্যালুট করা উচিত। তার কঠোর পরিশ্রম, আবেগ এবং অপরাজিত মিশন নারী ক্রিকেটের প্রতি পরবর্তী প্রজন্মের জন্য সবকিছুকে ঘুরিয়ে দিয়েছে। একজন নারী হিসেবে, ঝুলনের গল্প শুনে আমি গর্বিত হয়েছিলাম। তার জীবন দর্শন ক্রিকেটপ্রেমীদের কাছে তুলে ধরার চেষ্টা করা আমার জন্য সম্মানের।

২০১৮ সালে আনুশকা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘জিরো’। এরপর মেয়ে ভামিকার জন্য ক্ষাণিকটা বিরতি নিয়েছিলেন অভিনয় জগত থেকে। এবার ফিরছেন ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত