আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে ওয়ানডে থেকে সাময়িক বিরতি নিয়েছেন আফগান পেসার নাভিন-উল-হক।
৫০ ওভারের ক্রিকেট থেকে বিরতি নিলেও আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলবেন ২২ বছর বয়সী এই পেসার। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে নাভিন জানান, বিশ্বকাপের জন্য তিনি ‘মানসিক ও শারীরিকভাবে’ প্রস্তুত হতে চান।
প্রসঙ্গক্রমে, আগামী ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। আর মার্চে ওয়ানডে খেলবে ভারতের বিপক্ষে। তাতে কেবল টি-টোয়েন্টি সিরিজেই দেখা যেতে পারে নাভিনকে।
২০১৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাভিনের। এরপর কেবল সীমিত ওভারের ক্রিকেটই খেলেছেন তিনি। তার টি-টোয়েন্টিতেও অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে, ২০১৯ সালে।
কুড়ি ওভারের ম্যাচে ১৮.৩৩ গড়ে ১৮ উইকেট নিয়েছেন নাভিন। তার সেরা ফিগার ২১ রানে ৩ উইকেট, আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২০ সালের মার্চে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গায়ানা আমাজন ওয়ারিয়র্স, লিস্টারশায়ার, সিলেট থান্ডার, কলম্বো স্টার্স ও কেন্ডি টাস্কার্সের হয়ে খেলেছেন নাভিন।
