‘টেস্ট ক্রিকেটের স্বার্থে বাংলাদেশের জয় প্রয়োজন’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১১:২৫ পিএম

ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলছেন। মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে সবচেয়ে আগ্রহের এবং আলোচনায় ছিলেন রস টেইলর। কিন্তু টেস্ট শেষে তিনি এখন ছায়া। ক্রাইস্টচার্চে তার ক্যারিয়ারের শেষ টেস্টেও তাকে নিয়ে কম, বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে বেশি। এমনকি সংবাদ সম্মেলনে এসেও বাংলাদেশ নিয়েই কথা বলতে হলো শেষ টেস্টে নামতে যাওয়া টেইলরকে। তবে মুমিনুল হকদের এই জয়কে দারুণভাবে স্বাগত জানিয়েছেন টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। বললেনÑ বাংলাদেশের জয় বিশ্ব ক্রিকেটের জন্য ভালো খবর।

রবিবার থেকে শুরু ক্রাইস্টচার্চ টেস্টে নিজের ১১২তম ম্যাচে নামবেন টেইলর। দেশটির হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে ড্যানিয়েল ভেট্টোরির পাশে বসবেন। শেষ সেই টেস্টের আগে কিউই কিংবদন্তিকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট। সেখানে টেইলর বললেন, এই জয়কে অঘটন হিসেবে দেখেন না তিনি, ‘ওই টেস্টে প্রায় পুরোটা সময় আমরা পাত্তাই পাইনি। কিন্তু টেস্ট ক্রিকেটের বেঁচে থাকার জন্য বাংলাদেশের এগিয়ে আসা বা এ জয় খুবই প্রয়োজন।’ সঙ্গে যোগ করেন টেইলর, ‘ওই জয় থেকে শুধুমাত্র এই সিরিজে না, আগামী কয়েক বছরে বিভিন্ন সফরে বাংলাদেশ অনেক আত্মবিশ্বাস পাবে।’

নিজের শেষ টেস্ট জিতে সিরিজ বাঁচাতে মরিয়া টেইলর অবশ্য মনে করেন, হ্যাগলি ওভারের সবুজ পিচে নিউজিল্যান্ডই এগিয়ে থাকবে, ‘আমরা এখন ১-০তে পিছিয়ে। জানি পরের ম্যাচে সিরিজ বাঁচাতে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। এছাড়া ক্রাইস্টচার্চ তো আমাদের খুব পরিচিত মাঠ। আমরা জানি এখানে কীভাবে খেলতে হয় এবং এই মাঠে আমাদের অনেক সাফল্যও আছে। আমি তো গ্রাউন্ডসম্যানকে জিজ্ঞাস করেছিলাম এটা কি নরমাল পিচ হচ্ছে? সে বলল হ্যাঁ। আর ক্রাইস্টচার্চে নরমাল উইকেট মানেই প্রচুর ঘাস হবে (হাসি দিয়ে)।’ টেইলর জানালেন পরের টেস্টে টস জেতা মানেই আগে বোলিং অবধারিত। ক্রাইস্টচার্চে মোট ৮ টেস্টের একটি ড্র হয়েছে। সাতটিতেই ফল এসেছে এবং নিউজিল্যান্ডের জয় ৬টিতে। অবশ্য মাউন্ট মঙ্গানুইতেও আগের দুই টেস্টের দুটিতেই জিতেছিল নিউজিল্যান্ড। কিন্তু বাংলাদেশ চিত্র পাল্টে অবিস্মরণীয় জয় তুলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত