সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সদস্য পদ স্থগিত করা হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব কার্যালয়ে এক সভা শেষে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব মো. শাহেদুল খবির চৌধুরী।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্য মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘আহ্বায়ক কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত বছর ২২ ডিসেম্বর পাঠানো এক চিঠিতে মার্চের শেষ সপ্তাহে সমিতির নির্বাচনের সম্ভাব্য তারিখ ও ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম শুরুর কথা জানানো হয়। কিন্তু ওই চিঠির এক দিন পর আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার কমিটির কাউকে না জানিয়ে এককভাবে এ বছর জানুয়ারির ৭ তারিখ জরুরি সাধারণ সভা আহ্বান করেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের সাধারণ সভা আহ্বানের এখতিয়ার তার নেই। এরপরও আহূত সাধারণ সভায় স্বল্পসংখ্যক ক্যাডার কর্মকর্তার উপস্থিতিতে নির্বাচনের ভিন্ন তারিখ ঘোষণা করেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে গঠিত ৯ সদস্যের নির্বাচন কমিশন বহাল থাকা সত্ত্বেও এককভাবে নির্বাচন কমিশন গঠনের অব্যাহত চেষ্টা করে যাচ্ছেন।’
