সাড়ে ৩ মাস পর শনাক্ত হার ৫ শতাংশ ছাড়াল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০১:৩৮ এএম

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গত সাত দিন ধরেই রোগী ও শনাক্ত হার বাড়ছে। সংক্রমণের সর্বনিম্ন অবস্থা থেকে সর্বোচ্চ সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় টানা সাড়ে তিন মাস পর শনাক্ত হার সর্বোচ্চ ৫ দশমিক ৬৭ শতাংশ হয়। এর আগে সর্বশেষ শনাক্তের হার এর চেয়ে কম ছিল ২০ সেপ্টেম্বর, ৫ দশমিক ৬৬ শতাংশ। অথচ শনাক্ত হার কমতে কমতে গত বছর ১৮ ডিসেম্বর ১ শতাংশে নিচে নেমে শূন্য দশমিক ৮৭ শতাংশ হয়। পরে সেখান থেকে বাড়তে থাকলেও গত বৃহস্পতিবার পর্যন্ত শনাক্ত হার ৪ শতাংশের নিচে ওঠানামা করছিল। পরে গতকালই শনাক্ত হার বেড়ে ৫ শতাংশের ওপরে ওঠে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছর জুলাই-আগস্ট মাসে দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশও ছাড়িয়ে গিয়েছিল। এরপর তা নামতে নামতে জুলাই মাসে ২ শতাংশের নিচে চলে আসে। ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। গত ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৫ জানুয়ারি তা ৪ শতাংশ ছাড়ায়। দুদিন পর তা ছাড়িয়ে গেল ৫ শতাংশের ঘর।

একইভাবে দেশে করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৬ ও মৃত্যু হয়েছে ১ জনের। এর আগে এক দিনে সবচেয়ে বেশি ১ হাজার ১৭৮ জন শনাক্ত হয়েছিল গত ২৯ সেপ্টেম্বর। অর্থাৎ গতকাল তিন মাসের মধ্যে সর্বোচ্চ বেশি রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এক দিনে ১ হাজার ১৪০ জন শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয় ৭ জনের। এরও আগে গত ১ জানুয়ারি রোগী শনাক্ত হয়েছিল ৩৭০ এবং মৃত্যু হয় ৪ জনের। অর্থাৎ গত সাত দিনে শনাক্ত রোগীর সংখ্যা তিনগুণের বেশি বেড়েছে।

এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ লাখ ৪২ হাজার ৬১১ ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ৩৭ হাজার ১৭৩ জন রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৮ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১২ হাজার ২৭৩ জনের, যা সারা দেশে মোট মৃত্যুর ৪৩ দশমিক ৪৮ শতাংশ। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে ৮৪৮ জনের, যা মোট মৃত্যুর ৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে যে ১ হাজার ১৪৬ জন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছে ৯০২ জন। অর্থাৎ শনাক্ত হওয়াদের মধ্যে ৭৮ দশমিক ৭১ শতাংশই ঢাকা জেলার। আর ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ৯২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত