অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টেও জশ হ্যাজলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে চোটে পড়েন এই পেসার।
এরপর আর স্কোয়াডে ফেরা হয়নি হ্যাজলউডের। হোবার্ট টেস্টে ফেরার কথা থাকলেও ঠিক সময়ে সেরে না ওঠায় মাঠের বাইরেই থাকতে হচ্ছে ৩১ বছর বয়সী তারকাকে।
হ্যাজলউডের না থাকায় স্কট বোলান্দের ওপরেই আস্থা রাখছে অস্ট্রেলিয়া। তবে সিডনি টেস্টের তৃতীয় দিনে চোট পেয়েছেন তিনিও। তবে আশা করা হচ্ছে, হোবার্ট টেস্টে ফিট বোলান্দকে পাওয়া যাবে।
অ্যাশেজের শেষ টেস্টে হ্যাজলউডকে না পাওয়ার বিষয়ে অজিদের কোচ শুক্রবার বলেন, ‘দুর্ভাগ্যবশত জশের আসা হচ্ছে না। আশা করি, সে সাদা বলের ক্রিকেটের জন্য সুস্থ হয়ে উঠবে।’
অন্য সবার মতো হ্যাজলউডও মুখিয়ে ছিলেন অ্যাশেজে খেলার জন্য। কিন্তু সিরিজের তিন টেস্ট খেলা হয়নি তার। নিজেদের সেরা পেসারদের একজনকে ছাড়াই ইতোমধ্যে অ্যাশেজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।
এদিকে, হোবার্টের দিবারাত্রির টেস্টের জন্য কেন্টের উইকেটরক্ষক স্যাম বিলিংসকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ‘চোট জর্জর’ ইংল্যান্ড। অ্যাশেজের শেষ টেস্টে চোটে পড়া দুই উইকেটরক্ষক জস বাটলার ও জনি বেয়ারস্টো না থাকলে বিলিংসের হাতে উঠতে পারে গ্লাভস।
