বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায়: কাদের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৭:৩৩ পিএম

নির্বাচন ও জনগণকে ভয় পায় দাবি করে জনগণের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার গণ্যমাধ্যমে দেওয়া এক বিবৃতি তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন অতীত ইস্যু এবং দেশের উচ্চ আদালতে এ বিষয়টি মীমাংসিত। এ নিয়ে মাঠ গরম করে কোনো প্রয়োজন নেই।

নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারা প্রতিষ্ঠা এবং জনগণের পাশে থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি নেত্রীই এক সময় বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া নিরপেক্ষ কেউ নেই।

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ছাড়াও এ দেশে আরও অনেক রাজনৈতিক দল আছে, এ কথা সম্ভবত তারা ভুলে গেছেন।’

তিনি বলেন, ‘বিএনপি অংশ না নিলে কোনো কিছুই থেমে থাকবে না, থেমে থাকবে না রাষ্ট্রের গণতন্ত্র এবং সাংবিধানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা। তাদের কাজই হলো সরকার এবং দেশের কল্যাণকর যে কোনো প্রয়াস ও অর্জনকে বিতর্কিত করা।’

সেতুমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকারের কাছে নির্বাচনের দাবি করার প্রয়োজন নেই। সরকারের মেয়াদ শেষে দেশে যথাসময়ে সাংবিধানিক বিধি-বিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এ নিয়ে ন্যূনতম সংশয়ের অবকাশ নেই। বরং বিএনপি নির্বাচন দাবি করলেও নির্বাচনের মাঠ থেকে শেষ মুহূর্তে সরে যায় কিনা, জনগণ সে আশঙ্কায় রয়েছে। কারণ তারা নির্বাচন ও জনগণকে ভয় পায়। তারা কখনো গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত