নতুন প্রজন্মের চিত্রনায়ক জিয়াউল রোশান সম্প্রতি বেশ কিছু সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু সিনেমা। সিনেমা ও অন্যান্য বিষয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান।
নতুন সিনেমা
জসিম উদ্দীন পরিচালিত ‘মায়া’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এ পর্যন্ত যতগুলো সিনেমায় কাজ করেছি, সব কটিই হয় অ্যাকশন না হয় রোমান্টিক-অ্যাকশন। সিনেমাটি পুরোপুরি রোমান্টিক যেখানে বিশ্বাস-অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। এর বাইরে আরটিভির একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমার নায়িকা প্রিয়মণি।
‘মায়া’ সিনেমায় তো আপনি ছাড়াও আরও নায়ক আছেন। আপনার গুরুত্ব কতটুকু?
হ্যাঁ, মায়াতে আরও নায়ক আছেন। কিন্তু অনেক তারকা থাকলেও আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ । গল্পের প্রয়োজনেই সিনেমাটা করছি। গল্পটা ভালো লাগছে বলেই চুক্তিবদ্ধ হয়েছি।
মুখোশ
‘মুখোশ’ দারুণ একটা গল্প নির্ভর ছবি। আমার চরিত্রটাও দারুণ। এখানে আমার বিপরীতে পরীমণি আছেন। ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ করছি। আশা করছি, ছবিটি খুব ভালো যাবে।
এ বছর কী কী সিনেমা মুক্তি পেতে পারে আপনার?
এ সবার প্রথম মুক্তি পাবে আমার অভিনীত ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’ চলচ্চিত্র। এরপরে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ রিলিজ পাওয়ার কথা আছে। অনন্য মামুন ভাইয়ের ‘সাইকো’ মুক্তি পাওয়ার কথা আছে। আর যেকোনো ঈদে ‘অপারেশন সুন্দরবন’ বা ‘রিভেঞ্জ’ মুক্তি পেতে পারে। সব মিলিয়ে এ বছর আমার অনেকগুলো সিনেমা মুক্তি পাবে।
২০২১ কেমন গেল...
গত বছর ব্যক্তিগতভাবে ভালোই কেটেছে। আর সিনেমার কথা বললে তেমন কোনো সিনেমা মুক্তি পায়নি। শুধু ‘চোখ’ মুক্তি পেয়েছিল। ওই একটাই ছিল রিলিজ ছবি। আর কোনো সিনেমা মুক্তি পায়নি।
নতুন বছর নিয়ে প্রত্যাশা…
নতুন বছরে অনেকগুলো সিনেমা মুক্তি পাবে। আবার নতুন বছরে নতুন অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। শিগগিরই নতুন আরও কিছু সিনেমার শুটিং স্টার্ট হবে। আর যেগুলো মুক্তি পাবে সেগুলো নিয়ে খুব আশাবাদী আমি। ফলে নতুন বছর নিয়ে খুব ভালো কিছুই প্রত্যাশা করছি।
বিয়ে শাদী কবে নাগাদ করবেন?
আগামী দুই তিন বছরের আগে বিয়ে শাদী নিয়ে আপাতত ভাবছি না। জন্ম মৃত্যু বিয়ে- এগুলো তো আল্লাহর হাতে। সেটা আমি বিশ্বাস করি। যখন সময় হবে তখন বিয়ে করে ফেলব।
