নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বৃদ্ধ নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নুরুন্নাহার (৭৫)। গত শুক্রবার রাত ১০টার দিকে ওই বৃদ্ধের ছেলের মালিকানাধীন ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে এ হত্যাকা- হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোট বিনাইর চর এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী।
নুরুন্নাহারের একমাত্র ছেলে কবির হোসেনের অভিযোগ, তার বোন রানুর সঙ্গে মা নুরুন্নাহারের জমিজমা নিয়ে প্রায় সময়ই ঝগড়াঝাঁটি হতো। তবে কে বা কারা এ হত্যা করেছে তা বলা যাচ্ছে না বলে জানান তিনি।
অন্যদিকে মেয়ে রানু অভিযোগ করে জানান, তার ভাই কবির হোসেন ও তার বাড়ির ভাড়াটিয়া এক নারীর অনৈতিক সম্পর্ক ছিল বলে গুঞ্জন রয়েছে। মা নুরুন্নাহার হয়তো তাদের মধ্যে অনৈতিক কিছু দেখে ফেলায় তাকে খুন করা হতে পারে। তবে বিষয়টি এখনো পরিষ্কার নয় বলেও জানান তিনি।
ছেলে কবির হোসেন বলেন, ‘পৈতৃক জমিজমা নিয়ে তিন বোনের সঙ্গে আমার কিছুটা মনোমালিন্য ছিল। আমি ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাজারে ছিলাম। এ সময় আমার মোবাইলে ফোন করে জানানো হয় মায়ের অবস্থা ভালো নেই।’ আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান মোল্লা বলেন, ‘বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। কিন্তু কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে তা উদঘাটন করতে একটু সময় লাগবে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হত্যাকা-ের কারণ বের করা সম্ভব হবে।’
