ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের ২৬তম ওভারের শেষ বল করতে এসে ৭ রান দেন এবাদত হোসেন। সেই সঙ্গে এই টেস্ট মনে করিয়ে দিল ৯৪ বছর আগের এক ঘটনাও।
এবাদতের বলে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো লিটন দাস ক্যাচ মিস করেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ংয়ের। এরপর যা হলো তাকে ‘কমেডি অব এরর’ও বলা যায়।
দৌড়ে ৩ রানের সঙ্গে ওভার থ্রো’তে আর ৪ রান, এক বলে ৭ রান নেন ইয়ং! ক্যাচ মিস ও ওভার থ্রো— সব হলো একই বলে।
ক্রিকেটে এক বলে সর্বোচ্চ ৬ রান নেওয়া যায়। তবে ছয়ের পাশাপাশি যদি বলটি নো হয় কিংবা দৌড়ে ৩ রানের পাশাপাশি ওভার থ্রোয়ে বল বাউন্ডারি স্পর্শ করে তবে ৭ রানও আসে। তেমনটাই হলো হ্যাগলি ওভালে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংস শুরু করে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ সংখ্যার রান করেছে কিউইরা। সবশেষ ৯৪ বছর আগে কোনো ইনিংসে ঘটেছিল এমন ঘটনা।
ক্রাইস্টচার্চে চমৎকার এক দিন কাটল নিউজিল্যান্ডের। প্রথম দিনে মাত্র এক উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে স্বাগতিক দল। ওপেনার টম লাথাম ১৮৬ ও কনওয়ে ৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।
