আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের সেমিফাইনালে পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের অভিযোগ তুলে ভবিষ্যতে বিদেশি রেফারির অধীনে ম্যাচ আয়োজনের জোর দাবি জানিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। গতকাল ফেডারেশন কাপের ফাইনালের দিনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী। আবাহনীর বিপক্ষে সেই ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি পেয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। দলটির রুয়ান্ডার ফুটবলার এমেরি বাইসেঙ্গের দায়িত্ব ছিল পেনাল্টি নেওয়ার। কিন্তু তার দু’বারের প্রচেষ্টাই রেফারি সামিউর রহমান বাতিল করে উল্টো বাইসেঙ্গেকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন। প্রথম প্রচেষ্টাটা বাতিল হয়েছিল অন্য খেলোয়াড়রা শট নেওয়ার আগেই বক্সে ঢুকে পড়ায়। আর দ্বিতীয়টা বাতিল হয় শট নিতে গিয়ে ধোঁকা দেওয়ায়। যেটাকে সাইফ দাবি করছে ফুটবল আইনে বৈধ। নাসিরউদ্দিন চৌধুরী এই সিদ্ধান্তকে ফুটবলের জন্য ন্যক্কারজনক মন্তব্য করে বলেন, ‘রেফারির কাছ থেকে আমরা অত্যন্ত ন্যক্কারজনক একটা সিদ্ধান্তের শিকার হয়েছি। সুশৃঙ্খল একটি ক্লাবের বিরুদ্ধে, ফেয়ার-প্লে গেম খেলা একটা ক্লাবের বিরুদ্ধে, উন্নতমানের পেশাদার ফুটবল ক্লাবের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। আমার বিষয়টি লিখিত আকারে বাফুফের কাছে বিচার চেয়েছি। যদি তারা কোনো ব্যবস্থা না নেয়, তবে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’ বিদেশি রেফারির দাবি জানিয়ে নাসিরউদ্দিন বলেন, ‘আমাদের দুটি দাবি রয়েছে। এটা শুধু আমাদের ক্লাবের জন্য নয়। যে ১৩টি ক্লাব প্রিমিয়ারে খেলে সবার পক্ষ থেকে জানাচ্ছি। রেফারি নিয়ে ভবিষ্যতে যেন আর কোনো ক্লাব কোনো ধরনের প্রশ্ন তুলতে না পারে। আমরা চাই নিরপেক্ষ রেফারি দিয়ে খেলাগুলো পরিচালিত হোক। অন্তত সাফ অঞ্চলের দেশ থেকে হলেও যেন বিদেশি রেফারি এনে খেলা পরিচালনা করা হয়। এর অপর দাবিটি হলো ডাগআউটে যাতে বাফুফের নির্বাহী কমিটির কেউ কোনো ক্লাবের হয়ে থাকতে না পারে। আমরা চাই খেলাটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে হোক।’
×
