সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২:৪৬ এএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাতে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনকে তার মেডিকেলে বোর্ডের সুপারিশে কেবিনে নিয়ে আসা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সুপারিশে ম্যাডামকে রাত সাড়ে ৮টার দিকে সিসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে।

এজেডএম জাহিদ হোসেন আরো বলেন, কেবিনে সিসিইউর সব সুবিধা রাখা হয়েছে এবং সিসিইউর নার্সরা কেবিনে তার সেবায় নিয়োজিত থাকবেন।

অধ্যাপক জাহিদ বলেন, ম্যাডামের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার অবস্থা আগের মতোই আছে। সবগুলো প্যারামিটার আগে মতোই ওঠানামা করছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে কেবিনে ভর্তির পরদিনই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়।  প্রায় ৫৭ দিন পর তাকে আবার কেবিনে নিয়ে আসা হয়।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার  কাজে নিয়োজিত আছেন। তারা ইতিমধ্যে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করেছে। 

সে অনুযায়ী পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পঞ্চম দফা আবেদনও করেন। কিন্তু সরকার আবেদন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত