ক্রাইস্টচার্চের ১ম দিন হতাশায় কাটল বোলারদের

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০২:১৭ এএম

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডের দিকে তাকিয়ে কি একটু আফসোস হবে মুমিনুল হকের? এই প্রশ্নটা উঠছে কারণ টস জিতে তিনি নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। হয়তো সবুজ উইকেট দেখে ভেবেছিলেন এবাদত-তাসকিন-শরিফুলরা মাউন্ট মঙ্গানুইয়ের মতো কিছু একটা করে দেখাবে। ভুল ভেবেছিলেন মুমিনুল। বাজে বোলিংয়ের সঙ্গে ল্যাথাম-কনওয়েদের দুর্দান্ত ব্যাটিংয়ে দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৩৪৯ রান।

হতাশার দিনটার শুরু হয়েছিল বাংলাদেশের দুঃখজনক খবরে। কুঁচকির চোটে এই টেস্ট থেকে খেলতে পারছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের কাউকে ২০০৬ সালের পর এই প্রথম টেস্ট খেলতে নামতে হয় বাংলাদেশকে। টস জিতেছিলেন মুমিনুল। গতবারের মতো এবারও ফিল্ডিং নেন। আর নিয়েই পড়েন অধিনায়ক টম ল্যাথাম আর উইল ইয়াংয়ের তোপের মুখে। লাঞ্চের আগে বল কুড়াতেই গেছে ফিল্ডারদের। বিরতির পর প্রথম ওভারেই ব্যক্তিগত ২৬ রানের মাথায় ইয়াং ক্যাচের সুযোগ দিয়েছিলেন। কিন্তু সোহানকে উইকেটকিপিংয়ের গ্লভস দিয়ে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো লিটন দাস প্রথম সিøপের সামনে ঝাঁপালেও তা ধরতে পারেনি। এই ক্যাচ মিসের পরিণতি সোহানোর ওভার থ্রোতে ৭ রানের মধ্য দিয়ে। এই ইয়াংকে ফিরিয়েই দিনের প্রথম ও একমাত্র সাফল্য এনে দেন বাঁহাতি শরিফুল। কিন্তু ততক্ষণে নিউজিল্যান্ডের স্কোর ১৪৮ ও ইয়াংয়ের রান হয়ে গেছে ৫৪। ল্যাথামের সঙ্গে যোগ দিয়ে ডেভন কনওয়ে এমন ব্যাটিং করেছেন যে কোনো সুযোগই তৈরি করতে পারেননি এবাদতরা। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১৮৬ রানে অপরাজিত আছেন ল্যাথাম। অন্য প্রান্তে ঠিক ৯৯ করে অপরাজিত কনওয়ে। রাতটা তার একটু টেনশনেই কাটবে। মেহেদি হাসান মিরাজের করা দিনের শেষ ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে স্ট্রাইক বদলের পর আর সুযোগ পাননি। ১৪৮ বলের ইনিংসে বাউন্ডারি মেরেছেন ১০টি। ছক্কা মেরেছেন একটি। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ২০১ রান যোগ করেছেন অধিনায়কের সঙ্গে। ল্যাথামের ২৭৮ বলের ইনিংসে বাউন্ডারি ছিল ২৮টা। ২০১২ সালের পর ওপেনিং জুটিতে শতরানের জুটি গড়লেন কিউই ওপেনাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত