স্ত্রী মাহমুদা আকতার মিতু হত্যাকাণ্ডের ঘটনায় নিজের করা মামলায়ই এবার গ্রেপ্তার হচ্ছেন সাবেক পুলিশ সুপার বাবুল আকতার। গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম বাবুলকে তারই মামলায় গ্রেপ্তারের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ঘটনার পর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল আকতারের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক গত ২৭ ডিসেম্বর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিল।
বিষয়টি নিশ্চিত করে বাবুল আকতারের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘নিজের মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছে।’
তিনি বলেন, ‘একই ঘটনায় মিতুর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বাবুল। একই ঘটনায় দুই মামলা আদালতে চলতে পারে না। তাই বিষয়টি নিয়ে আমরা উচ্চ আদালতে যাব।’
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসির মোড় ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন তৎকালীন এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ঘটনার পর বাবুল আকতার নিজে পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যামামলা দায়ের করেছিলেন। মামলাটির তদন্ত দীর্ঘদিন ঝুলে থাকার পর এক পর্যায়ে তা পিবিআইকে দেওয়া হয়। পিবিআইর তদন্তে ঘটনার সঙ্গে বাবুল আকতারের সম্পৃক্ত থাকার ‘প্রমাণ’ পাওয়া যায়। পরে গত বছরের ১২ মে মিতুর পিতা মোশাররফ হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। এতে বাবুল আকতারসহ মোট ৮ জনকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বাবুল আকতার।
