নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। আগামী ১৭ জানুয়ারি বিকেল ৪টায় সময় নির্ধারণ করে বঙ্গভবন থেকে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে। গত ২০ ডিসেম্বর সংলাপের প্রথম দিন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপ হয়। ইতিমধ্যে ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছেন তিনি।
সংলাপ শুরুর পর এখন পর্যন্ত ৩২টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গত দুইবারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের উদ্যোগ নিয়ে ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি সংলাপ শুরু করেন।
অন্যদিকে বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাসদসহ কয়েকটি দলের পক্ষ থেকে এ সংলাপকে ‘অর্থহীন’ দাবি করে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ হয়েছিল। বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাজনৈতিক প্রস্তাবের ভিত্তিতে সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
বিএনপি আগের দুইবার সংলাপে গেলেও এবার রাষ্ট্রপতির এই উদ্যোগে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে আরও কয়েকটি দল আমন্ত্রণ পেলেও সংলাপে অংশ নেয়নি। এছাড়াও দু-একটি দল সংলাপে যাবে না বলে আগাম ঘোষণা দিয়েছে।
