কারখানায় যাওয়ার পথে কুষ্টিয়ায় ডাম্প ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চার শ্রমিক। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। গতকাল সোমবার ভোরে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বটতৈল দক্ষিণপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়িকে বিপরীত দিকে থেকে আসা একটি ডাম্পট্রাক ধাক্কা দিলে ঘটে এ দুর্ঘটনা। জেলাটিতে রবিবার রাতে পৃথক দুর্ঘটনায় আরও অন্তত দুজন নিহত হয়েছে। এ ছাড়া গতকাল চাঁদপুর ও পাবনার ঈশ^রদীতে সড়ক দুর্ঘটনায় দুজন করে নিহত হয়েছে। এ ছাড়া জামালপুরে গাড়ির ধাক্কায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশ রূপান্তরের কুষ্টিয়া, চাঁদপুর, ঈশ^রদী ও জামালপুর প্রতিনিধির পাঠানো খবরে বিস্তারিত:
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, জেলাটিতে ৯ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ জন। এর মধ্যে গতকাল ভোর ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে একটি ডাম্পট্রাকের ধাক্কায় ৪ জন নিহত ও ১ জন আহত হন।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বির আলম বলেন, ঝিনাইদহগামী দ্রুতগতির ডাম্পট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানগাড়িকে ধাক্কা দিলে ৫ যাত্রীর ৪ জন ঘটনাস্থলে মারা যান। নিহতরা হলেন সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়ার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) ও হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)। তারা বিড়ি শ্রমিক ছিলেন।
এ ঘটনায় আহত সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী তহমিনা খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
দৌলতপুরে দুজন নিহত
রবিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় অপর একটি ডাম্পট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানিয়েছেন, নিহতরা হলেন দৌলতপুর উপজেলার কৈপালে গ্রামের মৃত হযরত আলীর ছেলে বিদ্যুৎ (৩৭) ও একই এলাকার মৃত ফেরুর ছেলে রাজন (৩৬)।
ওসি জাবীদ হাসান বলেন, ভেড়ামারাগামী দ্রুতগতির ওই ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তিনি জানান, স্থানীয়রা ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনীর গাড়ি আগুন নেভাতে গেলে জনতা সেটিও আটকে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকচালক পলাতক।
চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সাচার এলাকার শিমুলতলীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন ও সাচার গোপিরদীঘির পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক। আহতরা হলেন ট্রাক্টরচালক মেহেদী হাসান ও ট্রাক্টরের মালিক ফুল মিয়া।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় সজীব হোসেন ও আতিকুর রহমান। আহত অপর দুজনকে দ্রত উদ্ধার করে পাশর্^বর্তী একটি ক্লিনিকে ভর্তি করানো হয়।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর প্রতিনিধি জানিয়েছেন, শহরের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যার আগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের পলাশঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সৈয়দ গোলাম সরোয়ার (৪৩)। তিনি জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শহরের হাটচন্দ্রা এলাকার সৈয়দ গোলাম মোস্তফার ছেলে সৈয়দ গোলাম সরোয়ার ঠিকাদারি ব্যবসা করতেন।
এদিকে তার মৃত্যুর খবরে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িকে শনাক্ত ও বিচারের দাবিতে তারা রাত সাড়ে ৮টার দিকে মিয়াবাড়ী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল করেন।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
