নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, ষষ্ঠ ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইসি মাহবুব ষষ্ঠ ধাপে সিরাজগঞ্জের তাড়াশের নির্বাচন শান্তিপূর্ণ করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সবরকমের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ সময় সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইসি মাহবুব আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বেলা ৩টার দিকে সড়কপথে ঢাকা থেকে সিরাজগঞ্জে পৌঁছান। এরপর সার্কিট হাউজে মতবিনিময় শেষে তিনি সন্ধ্যায় সিরাজগঞ্জের হার্টপয়েন্ট এলাকা ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ স্মার্টকার্ড বিতরণ শেষে তিনি শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল শ্বশুরবাড়ি এলাকা পরিদর্শন করবেন ও বিকেলে ঢাকায় ফিরে যাবেন।
