করোনায় আক্রান্ত হয়েছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দার। এ কারণে আপাতত হানিমুনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তারা।
চার দিনের জন্য আজ তাদের দুজনের মালদ্বীপে যাওয়ার কথা ছিল।
মিম জানান, ৯ জানুয়ারি বর সনি পোদ্দারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ। এ অবস্থায় ১৫ জানুয়ারির অনুষ্ঠানও আপাতত স্থগিত করেছেন মিম।
গণমাধ্যমকে মিম বলেন, ‘বিয়ের অনুষ্ঠানের পর দুই পরিবারের বেশির ভাগ মানুষের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে সবারই করোনা পরীক্ষা করানো হয়। সনি ও বাবার রেজাল্ট পজিটিভ!’
তিনি বলেন, ‘সনির হালকা জ্বর ও কাশি থাকলেও বাবার গলাটা ভাঙা। তবে খাওয়াদাওয়া স্বাভাবিক। আপাতত দুজনই বাসায় বিশ্রামে আছে।’
৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মডেল ও অভিনয়শিল্পী মিম ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
