সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২:১৯ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর উত্তরার নিজ বাসভবনে তারা কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, ‘কয়েক দিন ধরে মহাসচিবসহ তার স্ত্রী অসুস্থ বোধ করছিলেন। গত রবিবার তার স্ত্রীর এবং সোমবার রাতে মহাসচিবের করোনা টেস্ট করা হলে ফলাফল পজিটিভ এসেছে। স্কয়ার হাসপাতালের আইসিইউ ও করোনা বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। তারা দুজনই এখন সুস্থ আছেন। তাদের গলায় কিছুটা খুসখুস কাশি আছে। অন্য কোনো উপসর্গ এখনো দেখা যায়নি। দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন।’

সর্বশেষ ৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের করোনা পজিটিভ। সর্বশেষ শারীরিক অবস্থা জানতে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দশ দিন আগে করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। তবে কোনো উপসর্গ নেই।’ এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল তার দুই ছোট বাচ্চাসহ কভিড পজিটিভ।

গত বছরের ১০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। গুলশানের বাসায় ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসকরা তার চিকিৎসা দেন। এ ছাড়া গত বছর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা এবং দলের স্থায়ী কমিটি থেকে অবসর নেওয়া ও সাবেক সেনাপ্রধান জেনারেল মাহবুবুর রহমান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মারা গেছেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ, কেন্দ্রীয় নেতা খুররম খান চৌধুরী, খন্দকার আহাদ আহমেদ, রুহুল আলম চৌধুরী, আবদুল আউয়াল খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ বেশ কয়েকজন নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত