২৪ ঘণ্টায় সংক্রমণ সামান্য বেড়েছে শনাক্ত হার ৮.৯৭%

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২:৪৪ এএম

দেশে করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। তবে এক দিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার রোগী ও মৃত্যু সামান্য বেড়েছে। কারণ গত সোমবার এক দিনেই তার আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছিল এবং শনাক্ত হার ৬ দশমিক ৭৮ থেকে একলাফে বেড়ে ৮ দশমিক ৯৭ শতাংশ হয়েছিল। সে অনুপাতে গতকাল রোগী ও শনাক্ত হার বেড়েছে সামান্যই। তবে শনাক্ত রোগীর সংখ্যা ও শনাক্ত হার গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৮, যা আগের দিন ছিল ২ হাজার ২৩১ জন। একইভাবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ, যা আগের দিন ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ। অবশ্য ২৪ ঘণ্টার ব্যবধানে গতকাল করোনায় মৃত্যু কমেছে। আগের দিন গত সোমবার মৃত্যু ছিল তিনজন, তা কমে গতকাল হয়েছে দুজন।

এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ এবং মৃত্যু ২৮ হাজার ১০৭ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে ৯ লাখ ৪৮ হাজার ৬৯৫ জন। অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে ঢাকা বিভাগে ১২ হাজার ২৭৭ জনের, যা সারা দেশে মোট মৃত্যুর ৪৩ দশমিক ৬৮ শতাংশ। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে ৮৪৮ জনের, যা মোট মৃত্যুর ৩ শতাংশ।

অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত এক দিনে দেশে ২৭ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ। এর আগে গত বছর ৮ সেপ্টেম্বর নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। এর আগে গত সোমবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৩৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে যে ২ হাজার ৪৫৮ জন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭৯ জন। অর্থাৎ শনাক্ত হওয়াদের মধ্যে ৮০ দশমিক ৫২ শতাংশই ঢাকা বিভাগে। আর ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ৪৭৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত