নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় টানা আট দিন বিদ্যালয়ে না আসায় এক শিক্ষককে অনুপস্থিত দেখানোয় প্রধান শিক্ষকের হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভাটিবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মোলালিব এ হুমকি দেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক মাফরোজা খানম।
তিনি বলেন, ‘ছুটি ছাড়া আবদুল মোলালিব ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। হাজিরা খাতায় অনুপস্থিত দিয়েছি দেখে তিনি ক্ষিপ্ত হয়ে আমার হাত কেটে নেওয়ার হুমকি দেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি।’
এ বিষয়ে আবদুল মোলালিব বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা। বছরের প্রথমে শিক্ষার্থী উপস্থিতি কম থাকে বলে কর্র্তৃপক্ষকে লিখিতভাবে না জানিয়ে অনুপস্থিত ছিলাম। অনেকেই এমন করে থাকে। বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় আমাকে অনুপস্থিত দেখানোর বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে মেজাজ হারিয়ে ফেলি।’ তিনি বলেন, ‘প্রধান শিক্ষক স্থানীয় প্রভাবশালী হওয়ায় বিদ্যালয়ে যা ইচ্ছে করেন। আজকের (গতকাল) ঘটনার পর তার স্বামী আমাকে মারধর করেছেন। বাড়ির লোক ডেকে এনে মারধর করা খুবই দুঃখজনক।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী বলেন, ‘দুই শিক্ষকই মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
