উপজেলা নির্বাহী অফিসারকে বান্দরবান, খাগড়াছড়ি বদলির হুমকি দেওয়া পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দ-পাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজগর আলীসহ ৯ জনের নামে দেবীগঞ্জ থানায় মামলা হয়েছে। দন্ডপাল ইউনিয়নের বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মামুনুর রশিদ বাদী হয়ে গত রবিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও হুমকি দেওয়ার অভিযোগে এই মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন মোতাহার হোসেন সাজু (৩৭), জমসের আলী (৪৬), আলমাছ (৪৮), উজ্জ্বল (৩৫), ইমরান (৩০), রাসেল (২৬), লাল্টু রায় (৫৫), সুবাসসহ (৩২) অজ্ঞাতনামা আরও অনেকে।
নির্বাচনের পরদিন গত ৬ জানুয়ারি আজগর আলী নিজ গ্রাম শান্তিনগরে নির্বাচনে জিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক আনন্দ সভার আয়োজন করেন। সেখানে তিনি তার বক্তব্যে প্রশাসনের লোকজন, প্রিসাইডিং কর্মকর্তাসহ দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে উদ্দেশ্য করে হুমকি দেন ও কটূক্তি করেন।
মামলার বিষয়ে জানতে নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী মোবাইল ফোনে জানান, আমাকেসহ আমার লোকজনের নামে মামলা হয়েছে বলে শুনেছি। নির্বাচনের দিন আমি ও আমার লোকজন ভোটকেন্দ্রের ভেতর প্রবেশ করিনি। আমরা ভোটের ফলাফলের জন্য বাইরে অপেক্ষা করছিলাম। এ সময় পুলিশ আমাদের ওপর অমানবিকভাবে লাঠিচার্জ করে। আমার অনেক লোকজন আহত হয়।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানান, দ-পাল ইউনিয়নের বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মামুনুর রশিদ দ-পাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলীকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদেরকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আজগর আলী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ৪ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান জামেদুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছিলেন ৪ হাজার ৮৮২ ভোট। মাত্র ৩১ ভোটের ব্যবধানে তিনি জয়ী হন।
