গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের পাশ থেকে আজিজার রহমান মৃধা (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার বকচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি বকচর এলাকার ছলিম মৃধার ছেলে। আজিজার বকচরে খাবার হোটেলের ব্যবসা করতেন।
তবে নিহতের পরিবারের দাবি, ওই ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জের বকচর এলাকায় মহাসড়কের পাশে আজিজার রহমানের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
বিষয়টি পুলিশকে জানালে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আজিজার রহমানের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, কেউ তাকে হত্যা করে ফেলে গেছে নাকি অজ্ঞাত গাড়ির ধাক্কায় আজিজার মারা গেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
