অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাঠে গড়াবে শুক্রবার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারো শিরোপা জিততে আশাবাদী।
টুর্নামেন্ট শুরুর আগে বুধবার অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান জানান, নির্ভার থেকে ম্যাচ বাই ম্যাচ খেলে চান তারা। বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপ মিশনে নামবে তার দল।
এক প্রশ্নের উত্তরে রাকিবুল বলেন, ‘দেখেন সব দলই তো বিশ্বকাপ জেতার জন্য আসে। সবার পরিকল্পনা থাকে চ্যাম্পিয়ন হওয়া। শেষ বিশ্বকাপে আমাদের সেই লক্ষ্য ছিল এবং আমাদের প্রস্তুতি, প্রসেস ও পরিকল্পনা সফল হওয়ায় শিরোপা জিতেছিলাম।’
‘এবার কোভিডের কারণে সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। একই ভাবে সব দলগুলোও কিন্তু একই কারণে প্রস্তুতির ঘাটতিতে আছে। তো আশাকরি আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেটা সম্ভাব্য সেরা প্রস্তুতি। তো সামনে যে ম্যাচগুলো আসছে, সেসবে আমরা যদি আমাদের পরিকল্পনার সঠিক প্রতিফলন করতে পারি তবে অবশ্যই ভালো কিছু করতে পারব।’
সবশেষ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রাকিবুল। এবারও দলের অধিনায়ক তিনি। বাড়তি চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে রাকিবুল বলেন, ‘চাপ তো থাকেই। এটা নিয়ে ভাবলে চাপ আরো বাড়বে। আমরা এখন নিজেদের প্রথম ম্যাচটায় কিভাবে সফল হব সেটায় ফোকাস করছি। হাতে তিন দিনের মতো সময় আছে। আর ওভাবে কোনো চাপ নেই।’
নির্ভার থেকেই টুর্নামেন্টে খেলে যাওয়ার লক্ষ্য বলে জানান রাকিবুল, ‘আমরা শুধু ম্যাচে ফোকাস রাখতে চাচ্ছি। অবশ্যই আমরা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু আমরা গ্রুপ পর্বের ম্যাচের দিকে তাকিয়ে। আমরা কিভাবে গ্রুপ পর্বের ম্যাচে ভালো করতে পারি এবং পরের রাউন্ডে যেতে পারি সেদিকে নজর দিচ্ছি এবং এই লক্ষ্য মাথায় রেখে নিজেদের প্রস্তুত করছি।’
১৬ দলের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপ। যেখানে তাদের সঙ্গী কানাডা, ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। রবিবার ইংল্যান্ডে বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।
