করোনার তৃতীয় ঢেউ আঘাত হেনেছে বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রশিল্পে। ইতিমধ্যে ৩০ জনের বেশি তারকা করোনায় আক্রান্ত। এ তালিকায় যোগ হয়েছে জাহ্নবী কাপুরের নাম। এর আগেই তার ছোট বোন খুশি কাপুরের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়েছিল। বনি কাপুর ও জাহ্নবী কাপুর ছিলেন আইসোলেশনে। এবার জাহ্নবী নিজেই ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করে জানালেন, তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘৩ জানুয়ারি আমি ও আমার বোন করোনা পরীক্ষা করার পর ফল পজিটিভ আসে। প্রথম দুই দিন কাটানো খুব কঠিন ছিল। যত দিন গেছে, ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়েছি আমরা। এই ভাইরাসের সঙ্গে লড়ার প্রধান অস্ত্র হলো মাস্ক পরা এবং করোনার টিকা নেওয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন।’ তাদের সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন অনুরাগীরা।
করোনা পজিটিভ হওয়ার পর সব তারকাই নিজ বাড়িতে আইসোলেশনে চলে যান। জাহ্নবী কাপুরও ওই মুহূর্তে আইসোলেশনে ছিলেন। এ অবস্থায় কীভাবে সময় কেটেছে জাহ্নবী কাপুরের? সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানালেন। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ঘুম থেকে উঠে মুখে ব্রাশ জাহ্নবীর। কখনো আবার নিজের কুকুরের সঙ্গে খেলায় ব্যস্ত তিনি। ঘরে বসে নিজের পছন্দের বই পড়েও কিছু সময় কেটেছে। কিছু ছবিতে দেখা গেছে, তিনি নাচের অনুশীলন করছেন। জাহ্নবী কাপুর আঁকাআঁকিও করেন। ঘরে বসে নিজের এই গুণও বেশ খানিকটা ঝালিয়ে নিলেন তিনি। একটি পোর্ট্রেটের ছবিও শেয়ার করেন তিনি।
সম্প্রতি আক্রান্ত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, অভিনেত্রী ঈশা গুপ্তা, নাফিসা আলী, হিনা খান, ম্রুণাল ঠাকুর, কারিনা কাপুর খান, অমৃতা অরোরা, নোরা ফতেহি, মিথিলা পালকর, শিল্পা শিরোদকর, গায়ক অরিজিত সিং ও তার স্ত্রী কোয়েল রায়, সোনু নিগম, বিশাল দদলানি, অভিনেতা আব্রাহাম, অর্জুন কাপুর, অর্জুন বিজলানি, বরুণ সুদ, শারদ মালহোত্রা, নির্মাতা প্রিয়দর্শন, মধুর ভান্ডারকর, প্রেম চোপড়া, আলেয়া এফ, নকুল মেহেতা, শিখা সিং, একতা কাপুরসহ অনেকে।
