পটুয়াখালীর দুমকিতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চলাচলের রাস্তা আটকে বসতঘরের বারান্দা নির্মাণে অবরুদ্ধ হয়ে পড়েছে ১০টি পরিবার। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আবদুল গনি মৃধার ছেলে নুর ইসলাম মৃধার সঙ্গে একই বাড়ির মৃত ফকু হাওলাদারের ছেলে হাবিব হাওলাদারের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষ হাবিব হাওলাদার, মামুন হাওলাদার, মাজহারুল, ইব্রাহীমসহ একদল লোক গভীর রাতে চলাচলের রাস্তা আটকে বসতঘরের বারান্দা নির্মাণ করে। এতে নূর ইসলামের পরিবারসহ অন্তত ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে নুর ইসলাম মৃধা বাদী হয়ে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দিলে গতকাল বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী নুর ইসলাম হাওলাদারের অভিযোগ, চলাচলের রাস্তা আটকে দেওয়ায় তার পরিবারসহ একই বাড়ির গোলাম মোস্তফা, মনির হাওলাদার, মন্নাফ হাওলাদার, খলিল হাওলাদার, চাঁন মিয়াসহ ১০ পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
অভিযোগের বিষয়ে হাবিব হাওলার বলেন, আমাদের জমিতে বসতঘর এবং বারান্দা তোলা হয়েছে। এতদিন আমাদের জমির ওপর দিয়ে সবাই চলাচল করেছে। এখন আমার জমিতে বারান্দা দেওয়ার দরকার হয়েছে বলে বারান্দা দিয়েছি। এতে কোনো অন্যায় হয়েছে বলে মনে করি না।
দুমকি থানার ওসি মো. আবদুস সালাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষকে নোটিস করা হয়েছে। কাগজপত্র দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
