৬ মৌসুম পর আবারো আইপিএলে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে।
২০১৫ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল স্টার্ককে। এর মধ্যে ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল তাকে। কিন্তু চোটের কারণের ছিটকে যান তিনি।
কিন্তু এবার আসন্ন আইপিএলে নিজের নাম ফের নিলামে তোলার কথা ভাবছেন স্টার্ক।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই কথা মাথায় রেখেই তার প্রস্তুতিতে আইপিএলে নামতে চান ৩১ বছরের এই পেসার।
এই মুহূর্তে অ্যাশেজ খেলতে ব্যস্ত স্টার্ক। এক সাক্ষাৎকারে অজি পেসার বলেন, ‘আমার কাছে এখনো (আইপিএল নিলামে) নাম নথিভুক্ত করার জন্য দুই দিন সময় রয়েছে। আমি এখনো নাম না লেখালেও সেই নিয়ে এই দুই দিন ভাবনাচিন্তা করে, সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। অদূর ভবিষ্যতে যেমনই সূচি থাকুক না কেন, এই নিয়ে আমি চিন্তা করছি।’
স্টার্ক আরো বলেন, ‘আমি প্রায় ছয় বছর আইপিএল খেলিনি। যেহেতু টি-টুয়েন্টির ঠাসা সূচি রয়েছে এবং টি-টুয়েন্টি বিশ্বকাপও বছরের শেষ দিকে খেলা হবে, তাই এই বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত বলেই আমার মনে হয়।’
১২ ও ১৩ ফেব্রুয়ারি এ বছরের আইপিএলের নিলাম হওয়ার কথা রয়েছে।
