জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। অনলাইনে যোগ দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
বেলা ১১টার দিকে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে ভার্চুয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে রঙ্গন-মাইম একাডেমি এবং বাংলাদেশ পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের শিল্পীরা অংশ নেয়।
১৯৭০-৭১ শিক্ষাবর্ষে চারটি বিভাগে ভর্তিকৃত (প্রথম ব্যাচে) ১৫০ ছাত্র নিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু। ১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে ১৯৭৩ সালের অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন ৩৪টি বিভাগ ও ৪টি ইনস্টিটিউট রয়েছে। এসব বিভাগে সাত শতাধিক শিক্ষক রয়েছেন।
