স্কুলে যাওয়ার পথে শিশু ও তার চাচাকে ট্রাকচাপা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০২:০৬ এএম

লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় আব্দুল্লাহ বিন নাঈম (৬) নামে এক শিশু শিক্ষার্থী ও তার চাচা ইমরান হোসেন (২৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার আরডিআরএস অফিসের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাবা ফারুক হোসেন ও চাচা ইমরান মোটরসাইকেলে শিশুটিকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বাবা ফারুক হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে গতকাল সকালে কুষ্টিয়ার মিরপুরে  ট্রাকচাপায় রাসেল (২৬) নামে এক কারখানাকর্মী নিহত হয়েছেন। দুপুরে কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এর আগে গত মঙ্গলবার রাতে নাটোরে ট্রাক-বাস-পিকআপ ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদাতাদের পাঠানো খবরে :

লালমনিরহাটে স্কুলে যাওয়ার পথে চাচা-ভাতিজাকে ট্রাকচাপা :  লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় আব্দুল্লাহ বিন নাঈম (৬) নামে এক শিশু শিক্ষার্থী ও তার চাচা ইমরান হোসেন (২৫) নিহত হয়েছেন। ওই শিশু শিক্ষার্থী হাতীবান্ধা ক্যামব্রিয়ান স্কুলের নার্সারির ছাত্র। শিশু নাঈম ও তার চাচা ইমরানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় ট্রাকসহ চালক ও সহকারী চালককে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

জানা যায়, গতকাল সকালে নাঈমকে নিয়ে বাবা ফারুক হোসেন ও চাচা ইমরান মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার আরডিআরএস অফিসের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ওপর উঠতেই মোটরসাইকেল নিয়ে পড়ে যান তারা। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা বুড়িমারীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু নাঈমের। এ সময় গুরুতর আহত অবস্থায় ইমরানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

কুষ্টিয়ায় ট্রাকচাপায় কারখানাকর্মী নিহত : কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় রাসেল (২৬) নামে এক কারখানাকর্মী নিহত হয়েছেন। তিনি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লি. কুষ্টিয়ার কারখানায় চাকরি করতেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের বাসিন্দা আক্তার মল্লিকের ছেলে।

তালবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পুলিশ পরিদর্শক এরশাদুল ইসলাম জানান, বুধবার সকালে মোটরসাইকেল আরোহী রাসেল হোসেন বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থল কুমারগাড়া বিসিক শিল্প নগরের বিআরবিতে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ফলভর্তি ট্রাক   মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাসেল ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাটোরে ট্রাক-বাস-পিকআপ ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ : নাটোরে ট্রাক-বাস-পিকআপ ত্রিমুখী সংঘর্ষে চালকসহ ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার  পেট্রল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে ছেড়ে আসা একটি কাঠ ভর্তি ট্রাক ও একটি পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার আবু মুসা নিহত হন। খবর  পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুলকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার পাগলীরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার ওসি মো. ওসমান গনি জানান, সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক মারা যান। ঘটনাস্থলে বাসের চালক এবং পরে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচালকের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত