টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়ায় খেলা হচ্ছে না বাংলাদেশের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৭:০৬ পিএম

এ মাসের ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু জাতীয় দলের বেশির ভাগ ফুটবলার দুটি করে টিকা পাননি। এমনকি একটি ডোজও পাননি এমন ফুটবলারের সংখ্যা- ৬। যে কারণে এ মাসে প্রীতি ম্যাচ দুটি খেলা হচ্ছে না জামাল ভূঁইয়াদের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া হতে জানাতে হয়, ইন্দোনেশিয়ায় প্রবেশের ক্ষেত্রে সকল খেলোয়াড় ও টিম অফিশিয়াল প্রত্যেকের কোভিড-১৯ দুটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক।’

কিন্তু ফেডারেশন পর্যালোচনা করে দেখেছে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই দুই ডোজ টিকা পাননি। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়াতে আমাদের যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, সে বিষয়ে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের জাতীয় দলের কোচ আগামী ১৫ তারিখে ঢাকায় চলে আসবে। খেলোয়াড়দের তালিকাও করেছি।’

‘আমরা যে তালিকা করেছি, সেটা পর্যালোচনা করে দেখেছি, আমাদের ১৫ খেলোয়াড়ের ডাবল ডোজ ভ্যাকসিনেশন আছে। ৭ জন খেলোয়াড়ের সিঙ্গেল ডোজ আছে এবং বাকি ৬ জন খেলোয়াড়ের কোনো ভ্যাকসিনেশন হয়নি। এ কারণে আমরা ইন্দোনেশিয়া যেতে পারছি না।’

স্পেনের হাভিয়ের কারবেরাকে ক’দিন আগে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বাফুফে। ইন্দোনেশিয়া সফরই প্রথম অ্যাসাইনমেন্ট হওয়ার কথা ছিল তার।

কাজী নাবিল জানিয়েছেন, মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা। তার আগে জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের সবাইকে টিকায় আওতায় আনতে চায় ফেডারেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত