ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বাস করেন, ম্যানচেস্টার ইউনাইটেডের পুনর্গঠনে কিছুটা সময় লাগতে পারে। এ জন্য অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিককে কিছুটা সময় দিতে বলছেন তিনি।
তবে ক্লাবের জন্য সতর্কবার্তাও থাকল রোনালদোর কথায়। সরাসরিই বললেন, ছয়-সাত নম্বরে থাকতে আমি ইউনাইটেডে আসিনি।
গত গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন রোনালদো। তার ফেরায় ওল্ড ট্র্যাফোর্ডের ভক্তদের মধ্যে ছিল উচ্ছ্বাস। কিন্তু মৌসুমে মোটেও ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ক্লাবটি।
ব্যর্থতার জন্য কোচ ওলে গুনার সুলশারকে নভেম্বরে বরখাস্ত করা হয়। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় রালফ রাংনিককে।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি এখানে ষষ্ঠ স্থান, অথবা সপ্তম স্থান, অথবা পঞ্চম স্থানে থাকতে চাই না। আমি এখনে জেতার চেষ্টা করতে, প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।’
পর্তুগিজ সুপারস্টার বলেন, ‘আমি মনেকরি ভালো কিছু পেতে হলে কখনো কখনো আপনাকে কিছু জিনিস ধ্বংস করতে হবে। তাই কেন নয়- নতুন বছর, নতুন জীবন এবং আমি আশা করি ইউনাইটেড সমর্থকেরা যা চায় তা হতে পারে। যেটা তারা প্রাপ্য।’
ইউনাইটেডে যে কিছুটা সমস্যা চলছে সেটাও স্বীকার করেছেন রোনালদো, ‘আমরা এখন কিছু পরিবর্তন করতে সক্ষম। আমি উপায়টা জানি কিন্তু এখানে বলতে চাচ্ছি না। কারণ এটা বলা আমার পক্ষ থেকে নৈতিক বলে আমি মনে করি না।’
রোনালদো বলছেন, ‘আমি যা বলতে পারি তা হলো আমরা আরো ভালো করতে পারি- আমরা সবাই। ম্যানচেস্টার ইউনাইটেডের ভেতরে কিছু সমস্যা আছে যা আমাদের পরিবর্তন করতে হবে।’
‘আমি মনেকরি আমরা প্রতিদ্বন্দ্বিতা করি কিন্তু এখনো আমরা আমাদের সেরা পর্যায়ে নেই। আমাদের উন্নতি করার অনেক পথ বাকি। আমি বিশ্বাস করি, যদি আমরা আমাদের মন পরিবর্তন করতে পারি তবে আমরা বড় কিছু অর্জন করতে পারবো।’
ওলে গুনার সুলশারকে ক্লাব ছাড়তে দেখা নিজের জন্য কষ্টের ছিল বলে স্বীকার করেন রোনালদো। তবে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য রালফ রাংনিকর প্রতি নিজের সমর্থনের কথাও জানিয়েছেন।
রোনালদো বলেন, ‘এটা সব সময়ের জন্য দুঃখের এবং কঠিন। ওলে আগে আমার সঙ্গে খেলত এবং এখন কোচ। দারুণ একজন মানুষ। যখন তিনি চলে গেলেন সবাই দুঃখিত ছিল। কিন্তু এটা ফুটবলের অংশ। যখন ক্লাব যেভাবে চায় সেটা পূরণ না হয়, তখন ক্লাব পরিবর্তন চায়।’
‘পাঁচ সপ্তাহ আগে রাংনিক আসার পর অনেক কিছু পরিবর্তন করেছেন। তবে খেলোয়াড়দের কাছে নিজের ধরনা তুলে ধরার জন্য তার সময় প্রয়োজন। আমি বিশ্বাস করি যে তিনি ভালো কাজ করতে যাচ্ছেন।’
রোনালদো আরো বলেন, ‘আমরা জানি আমরা আমাদের সেরা ফুটবলটা খেলতে পারিনি। তবে আমাদের উন্নতি করার জন্য অনেক ম্যাচ আছে। যেহেতু তিনি (রাংনিক) এসেছেন, আমি মনেকরি কিছু দিকে আমরা ভালো কিন্তু তার সময় দরকার।’
যোগ করেন, ‘ফুটবলারদের মানসিকতা বদল সহজ নয়। যেভাবে তারা খেলে, সংস্কৃতি, যে পদ্ধতি তারা পছন্দ করে। আমি বিশ্বাস করি তিনি ভালো কাজ করতে যাচ্ছেন।’
