পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল

স্থানান্তরিত তহবিলের খোঁজে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২:১৩ এএম

পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে জমাকৃত অর্থের তথ্য নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত কতগুলো কোম্পানি এই তহবিলে কী পরিমাণ অর্থ জমা করেছে তার তথ্য চেয়ে দেশে কার্যরত সবগুলো ব্যাংককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ। এক্ষেত্রে অবণ্টিত মুনাফাও যদি ওই তহবিলে জমা করা হয় তারও তথ্য দিতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সবগুলো ব্যাংকে পাঠানো হয়। গত ২৭ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসহ সব ধরনের তালিকাভুক্ত কোম্পানিকে অদাবিকৃত নগদ ও স্টক লভ্যাংশ পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে জমা করতে নির্দেশ দেয়।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল অবশ্যই একটি পারপিচ্যুয়াল তহবিল হবে, যা শেয়ারগ্রহীতাদের অদাবিকৃত ও অনিষ্পন্ন লভ্যাংশ (নগদ ও স্টক) অথবা অবরাদ্দকৃত রাইট শেয়ার অথবা ফেরত দেওয়া হয়নি এমন সরকারি অর্থ ফেরতের ট্রাস্টি হিসেবে কাজ করবে।

তবে বাংলাদেশ ব্যাংক জানায় ওই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন ও হস্তান্তরযোগ্য দলিল আইনের সংশ্লিষ্ট ধারার সঙ্গে সাংঘর্ষিক। এর পরপরই এসইসির ওই নির্দেশনা পরিপালনে বিরত থাকতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত