আপাতত ডমিঙ্গোই কোচ থাকছেন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০১:১৩ এএম

নিউজিল্যান্ড সিরিজ, মানে জানুয়ারি শেষেই হেড কোচ রাসেল ডমিঙ্গোর ব্যাপারে একটা সিদ্ধান্তে আসার কথা ছিল বিসিবির। কিন্তু সেই অবস্থান থেকে এখন সরে আসছে বোর্ড। ঐতিহাসিক টেস্ট জয়ের কারণেই হোক বা চটজলদি হেড কোচ খুঁজে না পাওয়ার কারণেই হোক এই দক্ষিণ আফ্রিকানই আপাতত বাংলাদেশের হেড কোচ থাকছেন। কাল এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুস চৌধুরী। এছাড়া দ্রুতই বাংলাদেশের কোচিং প্যানেল ঢেলে সাজানোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

আসলে এ বছর বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে হেড কোচ খুঁজতে যাচ্ছে না বিসিবি। সাত দিন পর শুরু হবে বিপিএল। পরপরই আফগানিস্তান সিরিজ। ওই সিরিজ শেষেই আবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে ক্রিকেটাররা। এমন ব্যস্ত সূচির মাঝে নতুন কোচ এলে তার পরিকল্পনার সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নিতে সমস্যা হয়। ডমিঙ্গো এসেও নিজের প্রথম সিরিজে আফগানিস্তানের কাছে টেস্ট হেরেছিলেন। তাই আপাতত সমালোচনা থাকলেও বাংলাদেশ ক্রিকেটে টিকে যাচ্ছেন ডমিঙ্গো। জালাল ইউনুস জানান, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবেন। হেড কোচ কিন্তু এখন হাতে নেই। কয়েক দিন আগে বোর্ড সভাপতিও বলেছেন, সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই কন্টিনিউ করছি। যদি কোনো পরিকল্পনা থাকে, উনি বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। আমরা সবাই মিলে, শুধু ক্রিকেট অপারেশন্সই না, নির্বাচকের মতো পদেও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’

নিউজিল্যান্ড সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকায় ছুটিতে গেছেন ডমিঙ্গো। বিপিএল দেখতে বাংলাদেশে ফিরবেন কিনা তা এখনো নিশ্চিত হয়নি। নিউজিল্যান্ড সিরিজ শেষে বোলিং কোচ গিবসন চুক্তি নবায়ন করেননি। বিশ্বকাপ ব্যর্থতার কারণেই চাপে পড়েছিলেন ডমিঙ্গো। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সাফল্যে নতুন চুক্তি করেছিলেন বিসিবির সঙ্গে। সেই চুক্তিতে তাকে সরাতে হলে এক বছরের বেতন দেওয়ার একটি ধারাও ছিল। সেই বিষয়টি দেখতে বিশ্বকাপের পর আইনজীবীর পরামর্শ নেয় বিসিবি। ফলাফলের জন্য জানুয়ারির শেষ পর্যন্ত সময় চেয়েছিলেন বিসিবিপ্রধান। কিন্তু এখন ব্যস্ত সূচির কারণে হেড কোচ বদলের আগ্রহ কমেছে বোর্ডের। সঙ্গে ডমিঙ্গোকে ‘খারাপ না’ বললেন জালাল ইউনুস। তাই নতুন কোচ হিসেবে ডমিঙ্গোর মতো বা তার চেয়ে ভালো কোচ আনতে চান, ‘এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছে। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে... আমাদের ঢালাওভাবে সাজাতে হবে। আমরা তো বলছি না আমরা পরিবর্তন করব না। যেহেতু ব্যাক টু ব্যাক খেলা আছে, সে চালিয়ে যাবে। হুট করে কোনো কোচ তো পাবেন না। কোচ নিতে হলে ভালো কাউকে তো দেখতে হবে। যিনি কোচ আছেন তার চেয়ে নিম্নমানের কোচ তো আনতে পারবেন না। অন্তত তার মানের একজনকে লাগবে। তার অধীনে দল ভালো করেনি, এর মানে এই নয় যে সে খারাপ কোচ। সে তো দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ ছিল। বাংলাদেশ থেকে সে বিশ্বকাপে ফলাফল বের করে আনতে পারেনি এটা তার ব্যাপার। কিন্তু তার নিচের পর্যায়ে তো আমরা যেতে পারব না। হয়ত তার চেয়ে ভালো কোচ লাগবে অথবা অন্তত তার মতো কোচ লাগবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত