ভারতে করোনা সংক্রমণ শনাক্তে বড় উল্লম্ফন হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় আড়াই লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে বলে খবর দিয়েছে এনডিটিভি।
গতকাল বৃহস্পতিবার ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় দেশটিতে করোনায় মারা গেছে ৩৮০ জন। ভারতে করোনার চলমান ঢেউয়ে এক দিনে এটিই সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের ঘটনা ঘটল। আগের ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৯৪ হাজার ৭২০ জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্ত নিয়ে ভারতে এখন পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৮৮ জনের করোনার অতিসংক্রামক ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। দেশটির ২৮ রাজ্যে এ ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন ৩৮০ জনসহ করোনায় ভারতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে।
ভারতে এখন দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ১১। সাপ্তাহিক হিসাবে শনাক্ত ১০ দশমিক ৮০ শতাংশ। করোনায় ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৭২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজ্যে আগের দিনের চেয়ে ২৭ শতাংশের বেশি করোনা শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৭০ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত। এর মধ্যে ১ হাজার ৩৬৭ জনের ওমিক্রন। রাজধানী দিল্লিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যে, গত বুধবার বিশ্বে এক দিনে নতুন ৩২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৪ লাখ ২৩ হাজারের বেশি। একই সময়ে বিশ্বে নতুন করে ৮ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫৫ লাখ ৩০ হাজার ৮১১ জনে।
