ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাইডেনের প্রথম নিষেধাজ্ঞা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০১:৩৩ এএম

উত্তর কোরিয়া এক সপ্তাহের মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রথমবারের মতো দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচির জন্য রাশিয়ার প্রতিষ্ঠান পারসেক এলএলসি চীন ও রাশিয়া থেকে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে এমন অভিযোগ করে এই ফার্মটিসহ রাশিয়ার একজন নাগরিক ও ছয় উত্তর কোরীয়র বিরুদ্ধে গত বুধবার এ নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলছে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির অগ্রগতি ও অস্ত্র প্রযুক্তির বিস্তার রোধই এ পদক্ষেপের উদ্দেশ্য। নিষেধাজ্ঞার আওতায় থাকা পাঁচজনকে কালো তালিকাভুক্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাব রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এটি করতে গেলে নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়াবিষয়ক নিষেধাজ্ঞা কমিটির ১৫ সদস্যের সবার সম্মতি লাগবে।

গত বছর জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে বাইডেন প্রশাসন পিয়ংইয়ংকে তাদের পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করার জন্য রাজি করাতে সংলাপে বসাতে চাইলেও সফল হয়নি। তারপরও এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়ার সেকেন্ড অ্যাকাডেমি অব নেচারাল সায়েন্সেসের (এসএএনএস) প্রতিনিধি চো মায়ং শিউন রাশিয়ার ভøাদিভস্তকে অবস্থান করে দেশটি থেকে টেলিযোগাযোগ যন্ত্রপাতি কেনার কাজ করেন। তার বিরুদ্ধে ও তার সঙ্গে সংশ্লিষ্ট রুশ নাগরিক রোমান আনাতোলিয়েভিচ এবং রুশ প্রতিষ্ঠান পারসেক এলএলসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাশিয়ার অবস্থানকারী আরেক উত্তর কোরীয় ইয়ং হো-র বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এসএএনএসের অধীনস্ত সংস্থার হয়ে কাজ করা চীন প্রবাসী চার উত্তর কোরীয়র বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদের প্রত্যেকেই উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপকরণ কেনার সঙ্গে জড়িত বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত