টিকা নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০২:০৯ এএম

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা নিয়ে ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ফিরছিল স্কুলছাত্রী রাজিয়া সুলতানা নুপুর ওরফে বন্যা (১৪)। পথে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় বন্যা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নান্দাইল সদরের নরসুন্দা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। বন্যা নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও চ-িপাশা ইউনিয়নের বারই গ্রামের খুররম মিয়ার কন্যা। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, ত্রিশাল ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আরও ৬ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ১২ জন। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে দুজন নিহত : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় উপজেলার খাড়েড়া ইউনিয়নের খাড়েড়া বাসস্ট্যান্ডের পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের কাউসার আলম (৩৫) ও কিশোরগঞ্জ ইটনা উপজেলার মুক্তারপুর গ্রামের ফুল মিয়া (৫০)। আহতরা হলেন, মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)।

কসবা থানা পুলিশের এসআই নূরে আলম জানান, বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া কুমিল্লা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে খাড়েড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকেও চাপা দিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কাউসার ও যাত্রী ফুল মিয়া মারা যান।

মাদারীপুর বাসচাপায় অটোচালক নিহত : মাদারীপুরে বাসচাপায় অটোচালক কামাল ফরাজী (৫০) নিহত হয়েছেন। এ সময় অটোর আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের চর গোবিন্দপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল ফরাজী মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার খালেক ফরাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহন মাদারীপুর সদর উপজেলার সাবেক চর গোবিন্দপুর এলাকায় আসলে পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কামাল ফরাজী মারা যান। এ সময় উত্তেজিত জনতা দিদার পরিবহনে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে মাদারীপুরের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রামগামী দিদার পরিবহন অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যায়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে মোটর সাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী গোলাম মোস্তফা (৩৫) ঘটনাস্থালেই মারা যান । তিনি উপজেলা খাগাটি জামতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ত্রিশাল থানার এসআই তানভীর জানান, বাস ও মোটরসাইকেল দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে  আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত দুই শ্রমিক : টাঙ্গাইলে কাঠবোঝাই একটি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। গতকাল বিকেলে সদর উপজেলার কাতুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন।

নিহত শ্রমিক সরোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চেয়ারম্যান জানান, কাতুলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ইটভাটার কাঠ কিনে ট্রাকটি টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। হেলপারকে গাড়ি চালাতে দিয়ে চালক ঘুমাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত